রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার চুক্তি বাতিল করল জিওস্টার

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৩০, ২০২৬, ০৬:১২ পিএম

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার চুক্তি বাতিল করল জিওস্টার

অনিশ্চয়তায় আইপিএল সম্প্রচার

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার নিয়ে নতুন করে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন প্রতিষ্ঠান জিওস্টার বাংলাদেশের জন্য নির্ধারিত সম্প্রচার চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে। মূলত বকেয়া অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ার কারণ দেখিয়েই তারা এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। 

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।এমন এক সময়ে এই ঘটনাটি ঘটল যখন বাংলাদেশে আইপিএল সম্প্রচারের ওপর থাকা সরকারি নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার প্রক্রিয়া শুরু হয়েছিল।

 গত কয়েক মাস ধরেই ভারত ও বাংলাদেশের মধ্যেকার কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের প্রভাব ক্রীড়াঙ্গনেও স্পষ্ট হয়ে ওঠে। এর আগে গত জানুয়ারিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়া হয়েছিল।

সেই সময় বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়েও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। যার ফলশ্রুতিতে শেষ পর্যন্ত ওই টুর্নামেন্টে বাংলাদেশ দল অংশ নিতে পারেনি। সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, এসব ধারাবাহিক ঘটনার প্রভাবে দুই দেশের ক্রিকেটীয় ও ব্যবসায়িক সম্পর্কে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। যার সর্বশেষ প্রতিফলন দেখা গেল সম্প্রচার চুক্তি বাতিলের মধ্য দিয়ে।

টিক্ততা কাটিয়ে সম্প্রতি বাংলাদেশ সরকার অবশ্য কিছুটা নমনীয় অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছিল। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছিলেন, দেশের মানুষের চাহিদার কথা মাথায় রেখে তারা আইপিএল সম্প্রচারের ওপর থাকা নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করছেন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল ক্রীড়া মন্ত্রণালয়কে। তবে জিওস্টারের বর্তমান কঠোর পদক্ষেপ পুরো বিষয়টিকেই নতুন সংকটে ফেলে দিল। 

এখন যদি সরকার আইপিএল দেখানোর অনুমতিও দেয়, তবুও কোনো স্থানীয় সম্প্রচারকারী চ্যানেল না থাকায় বাংলাদেশি দর্শকরা টেলিভিশনের পর্দায় খেলা দেখা থেকে বঞ্চিত হবেন।জিওস্টার তাদের বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টসের সঙ্গে তাদের যে চুক্তি ছিল তা তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। উল্লেখ্য যে, ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত সময়ের জন্য টি-স্পোর্টস জিওস্টারের কাছ থেকে আইপিএলের মিডিয়া স্বত্বের সাব-লাইসেন্স নিয়েছিল। 

শুধু আইপিএল নয়, একই ধরনের অর্থ পরিশোধে ব্যর্থতার দায়ে ওমেনস প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) সম্প্রচার চুক্তিও বাতিল করার কথা জানিয়েছে ভারতীয় এই প্রতিষ্ঠানটি। উদ্ভূত এই পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আইপিএল দেখার অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।