বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

চমক রেখে বাংলাদেশের দল ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১২, ২০২৬, ১১:১০ পিএম

চমক রেখে বাংলাদেশের দল ঘোষণা

প্রস্তুত বাংলাদেশ নারী দল

আসন্ন শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বড় ধরণের চমক রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াডে যেমন ফিরেছেন অভিজ্ঞ খেলোয়াড়, তেমনি সুযোগ দেওয়া হয়েছে প্রতিশ্রুতিশীল তরুণ প্রতিভাকে। ২০ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়ে সবার নজর কেড়েছেন। 

এর আগে বাংলাদেশের হয়ে সাতটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকলেও ওয়ানডেতে এটিই হতে যাচ্ছে তাঁর অভিষেক সিরিজ।

নির্বাচকদের অন্যতম বড় চমক ছিল অভিজ্ঞ ব্যাটার শারমিন সুলতানার প্রত্যাবর্তন। দীর্ঘ সাত বছর পর ওয়ানডে দলে ফিরেছেন এই ডানহাতি মিডল-অর্ডার ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স জাতীয় দলের দরজা পুনরায় উন্মুক্ত করে দিয়েছে। অভিজ্ঞ ও তরুণের এই মিশেল লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে বড় শক্তি যোগাবে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

সিরিজের সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল শ্রীলঙ্কা নারী দল বাংলাদেশে পা রাখবে। সেখান থেকে তারা সরাসরি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবে। রাজশাহীতে দুই দিন নিবিড় অনুশীলন শেষে ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম লড়াই। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ দুটি একই মাঠে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ ও ২৫ এপ্রিল। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

ওয়ানডে সিরিজ শেষ করে ২৬ এপ্রিল উভয় দল সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবে। সেখানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৮ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরবর্তী ম্যাচ দুটি একই ভেন্যুতে ৩০ এপ্রিল ও ২ মে মাঠে গড়াবে। টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ ফ্লাডলাইটের আলোয় সন্ধ্যা ৬টায় শুরু হবে। এই সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, সোবনানা মোস্তারি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, সারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও জুয়াইরিয়া ফেরদৌস।