মে ১, ২০২৬, ১০:৫২ এএম
ফুটবল ক্যারিয়ারের একদম গোধূলি লগ্নে দাঁড়িয়ে এবার অবসরের ইঙ্গিত দিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সেও মাঠের পারফরম্যান্সে দাপট দেখালেও তিনি স্বীকার করেছেন যে, ক্যারিয়ারের শেষের সময় খুব বেশি দূরে নয়।বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন এই ফরোয়ার্ড। সম্প্রতি আল আহলির বিপক্ষে জয়ের ম্যাচে তিনি নিজের ক্যারিয়ারের ৯৭০তম গোল পূর্ণ করেন।
তবে এই মাইলফলক স্পর্শ করার পর গোলের চেয়ে তাঁর অবসরের ইঙ্গিত নিয়েই ফুটবল বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। ম্যাচ শেষে তিনি জানান, তিনি এখন শুধু বর্তমানের জন্য নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলে যাচ্ছেন। প্রতিটি মুহূর্ত উপভোগ করলেও তিনি বাস্তবতাকে মেনে নিচ্ছেন।
২০২৩ সালে সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত কোনো লিগ শিরোপার স্বাদ পাননি রোনালদো। তবে এবারের মৌসুমে সেই অপেক্ষার অবসান হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে আল নাসর লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলালের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে রয়েছে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে একটি লিগ শিরোপা জেতাই এখন তাঁর প্রধান লক্ষ্য।
রোনালদো স্পষ্ট করে জানিয়েছেন, ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের জয়ই এখন তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। তিনি এখন কেবল ট্রফি জয়ের আনন্দ অনুভব করতে চান। রোনালদোর এই বার্তার পর ফুটবল প্রেমীদের মনে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে ২০২৬ বিশ্বকাপ নিয়ে। অনেক বিশ্লেষক মনে করছেন, ২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই কিংবদন্তির শেষ আন্তর্জাতিক মঞ্চ।মাঠের লড়াইয়ে রোনালদো এখনো থামেননি। বরং নিজের দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ অধ্যায়টি একটি বড় ট্রফির মাধ্যমেই রাঙাতে চান এই পর্তুগিজ তারকা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন