বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,

এমএলএসে দ্রুততম ১০০ গোল অবদানের রেকর্ড গড়লেন মেসি

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১০, ২০২৬, ১০:০৮ এএম

এমএলএসে দ্রুততম ১০০ গোল অবদানের রেকর্ড গড়লেন মেসি

গোল করে মেসির উদযাপন।

মেজর লিগ সকারে (এমএলএস) দ্রুততম ১০০ গোল অবদানের নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। রোববার টরন্টো এফসির বিপক্ষে ইন্টার মায়ামির ৪-২ গোলের জয়ের ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন অধিনায়ক।মাত্র ৬৪ ম্যাচে ১০০ গোল ও অ্যাসিস্টের এই কীর্তি গড়লেন মেসি। 

এর আগে এই রেকর্ডটি ছিল সাবেক ফুটবলার সেবাস্তিয়ান জিওভিঙ্কোর দখলে। তবে শততম গোল অবদানে পৌঁছাতে জিওভিঙ্কোকে মেসির চেয়ে আরও ৩১টি ম্যাচ বেশি খেলতে হয়েছিল।

২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ছন্দে আছেন মেসি। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত তিনি ৫৯টি গোল করার পাশাপাশি ৪১টি অ্যাসিস্ট করেছেন। টরন্টোর মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মেসি নিজে গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন।

ম্যাচের প্রথমার্ধের শেষদিকে রদ্রিগো ডি পলের ফ্রি-কিক থেকে আসা বলে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এরপর ৫৬ মিনিটে মেসির বাড়ানো পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ। ৬৮ মিনিটে মেসির সঙ্গে বল বিনিময়ের পর গোল করেন সার্জিও রেগুইলন। আর ৭৫ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন মেসি।

ম্যাচের শেষভাগে টরন্টোর পক্ষে এমিলিও আরিস্তিজাবাল দুটি গোল করে ব্যবধান কমান। তবে এতে ইন্টার মায়ামির জয় পেতে কোনো সমস্যা হয়নি। এই জয়ের ফলে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মেসির দল। বর্তমানে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে ন্যাশভিল এসসি।