বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বিটিভি ও টি-স্পোর্টসে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ ফুটবল

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৪, ২০২৬, ১২:২৫ পিএম

বিটিভি ও টি-স্পোর্টসে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ ফুটবল

২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের সরাসরি সম্প্রচার নিয়ে তৈরি হওয়া দীর্ঘ জটিলতার অবশেষে অবসান ঘটেছে। দেশের ক্রীড়াপ্রেমী মানুষ যেন খেলা দেখা থেকে বঞ্চিত না হয়, সেজন্য ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব কিনেছে বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি।

আজ বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।শুরুতে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান স্প্রিংবক এই সম্প্রচার স্বত্বের জন্য ১৫২ কোটি টাকার অস্বাভাবিক প্রস্তাব দিয়েছিল। তবে সরকার ২০২২ সালের মতো শতকোটি টাকা ব্যয় করতে সরাসরি অস্বীকৃতি জানায়। 

একপর্যায়ে স্প্রিংবক স্বত্ব ফিরিয়ে দিলে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নতুন করে আলোচনা শুরু করেন।

তাঁদের দৃঢ় অবস্থানের কারণে শেষ পর্যন্ত মাত্র ৪০ কোটি টাকায় এই চুক্তি সম্পন্ন হয়।প্রায় ৭২ শতাংশ কম দামে স্বত্ব কেনায় গত বিশ্বকাপের বড় ধরনের দুর্নীতির বিষয়টি আরও একবার সামনে চলে এসেছে। সম্প্রচার স্বত্বের পুরো অর্থ জোগাড় করতে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। গতকাল বুধবারের বৈঠকে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর পর কারিগরি সক্ষমতায় এগিয়ে থাকায় টি-স্পোর্টসকে বিটিভির সঙ্গী হিসেবে বেছে নেওয়া হয়।

ফিফা ইভেন্ট সম্প্রচারের জন্য প্রয়োজনীয় এন্ড-টু-এন্ড এনক্রিপশন বা সম্প্রচার নিরাপত্তা পদ্ধতি টি-স্পোর্টসসহ দেশের মাত্র চারটি চ্যানেলের রয়েছে। বিটিভির নিজস্ব সিস্টেম এখনো আপডেট না হওয়ায় এবং শুরু থেকেই আগ্রহী থাকায় টি-স্পোর্টস এই সুযোগ পেয়েছে।