জুন ৫, ২০২৬, ০২:৫৯ পিএম
আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো, আসন্ন বিশ্বকাপের ম্যাচ দেশের তিনটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভিতে দেখা যাবে ম্যাচগুলো।
এই টুর্নামেন্ট যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ৪৮টি দল নিয়ে প্রথমবারের মতো এই আসরটি হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই আসরে।
গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের সব শ্রেণীর দর্শক যেন খেলা উপভোগ করতে পারেন, তা নিশ্চিত করতেই এই সম্প্রচার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।ডিজিটাল প্ল্যাটফর্মেও থাকছে খেলা দেখার ব্যবস্থা।টেলিভিশনের পাশাপাশি বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপেও ম্যাচগুলো সরাসরি দেখানো হবে।
ফলে স্মার্টফোন, কম্পিউটার ও স্মার্ট টিভি ব্যবহারকারীরাও খেলার সাথে যুক্ত থাকতে পারবেন। তথ্য মন্ত্রণালয় ও বাফুফের সমন্বয়ে এই সম্প্রচার মিশনটি সফল হয়েছে।বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশের দর্শকদের উন্মাদনা প্রতি আসরেই থাকে তুঙ্গে।সম্প্রচার মাধ্যমগুলো নিশ্চিত হওয়ায় দর্শকদের সব অনিশ্চয়তা এখন দূর হয়েছে। ফুটবল অনুরাগীরা এখন নিশ্চিন্তে প্রিয় দলের খেলা উপভোগ করতে পারবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন