জুন ৯, ২০২৬, ১২:১৫ পিএম
ফুটবলপ্রেমী দর্শকদের জন্য দারুণ সুখবর। বৈশ্বিক ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবল এবারের আসর সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এবারের বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব নিয়ে শুরু থেকেই কিছুটা জটিলতা ছিল। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিই লিমিটেডের কাছ থেকে বাংলাদেশি কোনো প্রতিষ্ঠানের চুক্তি সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছিল।
তবে শেষ পর্যন্ত খেলা সম্প্রচার নিয়ে সৃষ্ট জটিলতা কাটিয়ে উঠতে বাংলাদেশ সরকার সরাসরি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনায় বসে।সরকারের উচ্চপর্যায় থেকে ফিফার সঙ্গে কয়েক দফা আলোচনার পর অবশেষে বিনা মূল্যে সম্প্রচারস্বত্ব পাওয়া সম্ভব হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
ফলে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বিটিভিতে সরাসরি দেখার সুযোগ পাবেন বাংলাদেশের কোটি কোটি ফুটবল অনুরাগী।উল্লেখ্য যে, এর আগে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে নানা জল্পনা-কল্পনা ছিল।
ফিফার সঙ্গে সরকারিভাবে আলোচনা সফল হওয়ায় দেশের দর্শকদের অতিরিক্ত অর্থ খরচ ছাড়াই খেলা দেখার সুযোগ নিশ্চিত হলো। ফুটবল উৎসবকে কেন্দ্র করে বিটিভিও বিশেষ সম্প্রচার পরিকল্পনা গ্রহণ করেছে। এখন দেশের প্রতিটি প্রান্তে টেলিভিশনের পর্দায় বিশ্বকাপের উত্তেজনা ছড়িয়ে দিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিটিভি কর্তৃপক্ষ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন