জুন ১১, ২০২৬, ১১:৩৩ পিএম
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। উদ্বোধনী দিনে আজ মুখোমুখি হচ্ছে সহ-আয়োজক মেক্সিকো এবং ২০১০ সালের বিশ্বকাপের স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় বাংলাদেশ সময় আজ রাত ১টায় ম্যাচটি শুরু হবে।
১৬ বছর আগে ঠিক এই দুই দলই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল। সেবার ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছিল। এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। এ গ্রুপে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে আছে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ কোরিয়া।
পরিসংখ্যানের বিচারে মেক্সিকো এগিয়ে আছে। অপ্টা সুপারকম্পিউটারের তথ্য অনুযায়ী স্বাগতিকদের জয়ের সম্ভাবনা ৬৬ দশমিক ৩ শতাংশ। আজতেকা স্টেডিয়াম মেক্সিকোর জন্য এক অজেয় দুর্গ। কোচ হাভিয়ের আগুইরের অধীনে এই মাঠে খেলা ৭টি বিশ্বকাপ ম্যাচের একটিতেও হারেনি তারা। এছাড়া ১৯৯৪ সালের পর থেকে নিজেদের শেষ ৭টি উদ্বোধনী ম্যাচে মেক্সিকো অপরাজিত। ডাগআউটে সহকারী কোচ হিসেবে থাকছেন কিংবদন্তি রাফায়েল মার্কুয়েজ, যা স্বাগতিকদের বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে খাটো করে দেখার সুযোগ নেই। ২০১০ সালে এই দুই দলের লড়াইয়ে সিফিওয়ে শাবালালার গোলটি ছিল বিশ্বকাপের স্মরণীয় মুহূর্ত। রনওয়েন উইলিয়ামসের গোলবার এবং লিয়াল ফস্টার ও তেবেহো মোকোয়েনাদের আক্রমণভাগের ওপর ভরসা রাখছে দলটি। বাফানা বাহিনী যদি শুরুতেই মেক্সিকোর রক্ষণভাগে ফাটল ধরাতে পারে, তবে ম্যাচের মোড় যেকোনো দিকে ঘুরতে পারে।
আজতেকার এই মহারণ হতে যাচ্ছে মেক্সিকোর পজেশন-ভিত্তিক ফুটবল এবং দক্ষিণ আফ্রিকার কাউন্টার-অ্যাটাকিং কৌশলের এক জমজমাট যুদ্ধ। গ্যালারির গর্জন সামলে মেক্সিকোর কুইনোনেস কিংবা হিমেনেজরা কেমন দাপট দেখায়, আর স্বাগতিকদের চাপে দক্ষিণ আফ্রিকা কতটা সামলাতে পারে—সেদিকেই তাকিয়ে বিশ্বজুড়ে কোটি ভক্ত।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন