জুন ১৪, ২০২৬, ১০:০৭ পিএম
ফুটবল বিশ্বকাপে আজ মুখোমুখি হওয়া জার্মানি বনাম কুরাসাও ম্যাচটি নিয়ে এক বিশেষ ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। মাত্র ১ লাখ ৮৫ হাজার জনসংখ্যার ছোট কুরাসাওয়ের এই ম্যাচ দিয়েই বিশ্বমঞ্চে অভিষেক হতে যাচ্ছে। এর মাধ্যমে তারা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে এক অনন্য রেকর্ড গড়তে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় এই ঐতিহাসিক ম্যাচটি অনুষ্ঠিত হবে।নিউইয়র্ক টাইমসের ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট দ্য অ্যাথলেটিক এই ম্যাচটি ঘিরে নিজেদের ক্রীড়া বিশ্লেষকদের পাশাপাশি কম্পিউটারনির্ভর ভবিষ্যদ্বাণী ব্যবস্থা অ্যালগোর সহায়তা নিয়েছে। প্রকাশিত সেই বিশ্লেষণে জানানো হয়েছে যে কুরাসাওয়ের প্রতি যথাযথ সম্মান রেখেই বলা যায় তাদের মোকাবিলা করা জার্মানির জন্য বড় কোনো বা চ্যালেঞ্জ হবে না।
তবে কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে টানা ১০টি ম্যাচে অপরাজিত থাকায় এই ছোট দলটিকে একদম হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তা ছাড়া তাদের স্কোয়াডে নেদারল্যান্ডসে বেড়ে ওঠা বেশ কয়েকজন দক্ষ ফুটবলার আছেন যারা বল নিজেদের দখলে রাখতে বেশ পারদর্শী।অন্যদিকের প্রতিপক্ষ জার্মানি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং আরও চারবার তারা রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
তবে গত দুটি আসরেই তারা গ্রুপ পর্ব পার হতে ব্যর্থ হওয়ায় এবারের ম্যাচটি তাদের ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ। দলের অন্যতম সেরা দুই প্লেমেকার ফ্লোরিয়ান ভির্টজ এবং জামাল মুসিয়ালার ক্লাব মৌসুম খুব একটা ভালো না কাটলেও আক্রমণভাগে তাদের সাথে থাকছেন কাই হাভার্টজ। অ্যাথলেটিকের নিজস্ব ও অতিথি বিশ্লেষকসহ কম্পিউটার ব্যবস্থা অ্যালগোর যৌথ পূর্বাভাস অনুযায়ী এই ম্যাচে জার্মানিই জয়ী হতে যাচ্ছে।
তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন