বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

যুদ্ধের অস্থিরতা কাটিয়ে বিশ্বকাপের মঞ্চে ইরান

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৫, ২০২৬, ০২:৫৫ পিএম

যুদ্ধের অস্থিরতা কাটিয়ে বিশ্বকাপের মঞ্চে ইরান

বিশ্বকাপে ইরান

আমরা এখানে ভালো ফুটবল খেলতে এসেছি। মাঠের বাইরের কোনো বিতর্কে আমাদের মনোযোগ নেই। আমরা রাজনীতি করতে আসিনি। ফুটবল আর রাজনীতি এক নয়—বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগের দিন এমন বার্তাই দিলেন ইরানের কোচ আমির গালেনোয়ি।গত কয়েক সপ্তাহে যুদ্ধ, ক্ষেপণাস্ত্র হামলা, কূটনৈতিক উত্তেজনা আর ভিসা জটিলতার মধ্যে দিয়ে সময় কেটেছে তাদের।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর দীর্ঘ অনিশ্চয়তার মধ্য দিয়ে গেছে তাদের বিশ্বকাপ প্রস্তুতি। ভিসা জটিলতার কারণে শেষ মুহূর্তে অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে মেক্সিকোর তিজুয়ানায় সরিয়ে নিতে হয়েছে। এমনকি তাদের দলের কয়েকজন সদস্য এখনো যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্থায়ী সমঝোতার ঘোষণায় যুদ্ধের আতঙ্ক কিছুটা কমেছে।

মাঠের বাইরের উত্তাপ এখনো পুরোপুরি থামেনি। লস অ্যাঞ্জেলেসে ম্যাচ চলাকালে বিরোধী প্রবাসী ইরানিদের বিক্ষোভের ঘোষণা রয়েছে। এমনকি সরকারবিরোধী ব্যানার প্রদর্শিত হলে মাঠ ছাড়ার মতো ঘটনাও ঘটতে পারে বলে আলোচনা চলছে। এসব বিতর্ককে পাত্তা দিতে চান না কোচ গালেনোয়ি।

তার মতে, প্রতিটি দেশেরই নিজস্ব সমস্যা থাকে। কিন্তু সেগুলোর সঙ্গে ফুটবলের সম্পর্ক নেই। সংকট কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রতীক হিসেবেই তারা এই বিশ্বকাপে খেলতে নেমেছেন।