রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সতীর্থরা কেন ক্রিস্টিয়ানো রোনালদোকে পাস দিচ্ছেন না?

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৩, ২০২৬, ০৬:৪০ পিএম

সতীর্থরা কেন ক্রিস্টিয়ানো রোনালদোকে পাস দিচ্ছেন না?

পর্তুগাল ফুটবল দলে ক্রিস্টিয়ানো রোনালদোকে কেন্দ্র করে সতীর্থদের পাস না দেওয়ার গুঞ্জন ও অভ্যন্তরীণ কৌশল নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। মাঠের পারফরম্যান্স এবং দলের ভেতর তাঁর প্রভাব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। একটি ম্যাচের আগে সাধারণত এক বা দুটি সংবাদ সম্মেলন হলেও এবার পর্তুগাল দলকে মোট চারটি সেশন করতে হয়েছে।

সবগুলো সংবাদ সম্মেলনেই মূল আলোচনার বিষয় ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দলে থাকা এবং তাঁর কার্যকারিতা।দলের ফুটবলার ফ্রান্সিসকো কনসাইসাও এক সংবাদ সম্মেলনে স্পষ্ট করেছেন যে মাঠে রোনালদোকে পাস দিতে কেউ বাধ্য নয়। তাঁর মতে, যখন যে খেলোয়াড় সুবিধাজনক অবস্থানে থাকবেন, সিদ্ধান্ত সেভাবেই নেওয়া হবে। দলের জয়ের জন্য ব্যক্তিগত অহংকারকে পাশে ঠেলে সবাই খেলছেন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

ফুটবল কোচ মাহবুব হোসেন রক্সি এই পরিস্থিতি বিশ্লেষণ করে জানিয়েছেন, ক্রিস্টিয়ানো রোনালদো মূলত একজন গোলমুখী স্ট্রাইকার যিনি ডি-বক্সে বল পেলে সতীর্থদের সহজে দিতে চান না। আর্জেন্টিনার লিওনেল মেসির মতো মাঠে ছান্দিক পাসিং বা নিচে নেমে খেলার প্রবণতা তাঁর মধ্যে কম দেখা যায়। গত ম্যাচে রোনালদোকে মাত্র ১০ থেকে ১২ গজের গণ্ডির ভেতর খেলতে দেখা গেছে, যেখানে তিনি উইং বা রক্ষণভাগকে সাহায্য করতে নিচে নামেননি। 

এর ফলে মিডফিল্ড থেকে প্রয়োজনীয় ক্রস বা সাপ্লাই পেতেও সমস্যা তৈরি হচ্ছে।আসন্ন ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল, যা এই প্রজন্মের সেরা দলটির জন্য একটি বড় চ্যালেঞ্জ। ইতালির বিশ্বকাপ জয়ী তারকা ফ্যাবিও কানাভারোর অধীনে থাকা উজবেক দলটির বিরুদ্ধে জয় পাওয়া পর্তুগালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।