বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ইরানের নক-আউট পর্বের সমীকরণ, যা বলছে অপটা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৭, ২০২৬, ০৪:৩৬ পিএম

ইরানের নক-আউট পর্বের সমীকরণ, যা বলছে অপটা

বিশ্বকাপ ফুটবলে মিসরের সঙ্গে ১-১ গোলে ড্র করে সরাসরি নক-আউট পর্বে ওঠার সহজ সুযোগ হাতছাড়া করেছে ইরান। শনিবার যুক্তরাষ্ট্রের সিয়াতেল স্টেডিয়ামে গ্রুপ জি-এর এই ম্যাচে ইনজুরি সময়ে পারসিয়ান চিতাদের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। শেষ মুহূর্তের ওই গোলটি বাতিল না হলে ৩ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের পরের পর্বে পা রাখত দলটি। তবে এই ড্রয়ের পরেও ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকা ইরানের বিদায় নিশ্চিত হয়ে যায়নি।তাদের ভাগ্য এখনো টিকে আছে।

জনপ্রিয় ডেটাভিত্তিক ক্রীড়া বিশ্লেষণধর্মী প্রতিষ্ঠান অপটা অ্যানালিস্টের হিসাব অনুযায়ী, এখনো ইরানের নক-আউট পর্বে খেলার সম্ভাবনা ৮৬ শতাংশ। তবে এই সম্ভাবনার বাস্তবায়নের জন্য ইরানকে তাকিয়ে থাকতে হবে গ্রুপ পর্বের বাকি তিনটি ম্যাচের ফলাফলের দিকে। গাণিতিক সমীকরণ বলছে, ঘানা যদি ক্রোয়েশিয়াকে হারিয়ে দেয়, তবেই কোনো জটিলতা ছাড়া ইরান পরের পর্বে উঠে যাবে।

যদি সেই ম্যাচটি ড্র বা অন্য কোনো ফল আসে, তবে দ্বিতীয় সমীকরণ অনুযায়ী ডিআর কঙ্গোকে রুখে দিতে হবে উজবেকিস্তানকে। আর এই দুটি সমীকরণই যদি ব্যর্থ হয়, তবে অস্ট্রিয়া ও আলজেরিয়ার মধ্যকার ম্যাচে যেকোনো একদলকে অবশ্যই জিততে হবে। এই তিনটি পরিস্থিতির যেকোনো একটি ঘটলেই নিশ্চিত হবে ইরানের নক-আউট পর্ব। মাঠের পারফরম্যান্সে সুযোগ হাতছাড়া হলেও ভাগ্যের জটিল অংক এখনো পারসিয়ানদের পক্ষেই কথা বলছে।