রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৭, ২০২৬, ০৯:২৫ পিএম

২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে

বিশ্বকাপ ট্রফি জয়ের আজন্ম স্বপ্ন পূরণের লক্ষ্যে বর্তমানে ফুটবল বিশ্বমঞ্চে বুঁদ হয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স ৪১ বছর হওয়ায় সোনালি ট্রফি ছোঁয়ার এটাই তাঁর শেষ সুযোগ বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকদের একাংশ। তবে ২০২৬ সালের এই আসরটিই পর্তুগিজ তারকার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ নাও হতে পারে বলে নতুন ইঙ্গিত মিলেছে।তিনি আরও একটি বড় স্বপ্ন দেখছেন।

পর্তুগালের এই কিংবদন্তি অধিনায়কের চাওয়া, নিজের ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের সঙ্গে একই জাতীয় দলের হয়ে মাঠে লড়বেন। বিভিন্ন সময়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সিআর সেভেন তাঁর এই বিশেষ ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন। বাবার এই স্বপ্নপূরণের আকাঙ্ক্ষা ছুঁয়ে গেছে তাঁর ১৫ বছর বয়সী বড় ছেলেকেও। সম্প্রতি রোনালদো নিজেই জানিয়েছেন, ক্রিস্টিয়ানো জুনিয়র তাঁকে খেলা চালিয়ে যাওয়ার জন্য অনবরত অনুরোধ করে যাচ্ছে, যেন ২০৩০ সালের বিশ্বকাপে তারা দুজনে সতীর্থ হিসেবে একই দলে খেলতে পারেন।

বাবার দেখানো পথে হেঁটে ইতিমধ্যেই নিজের প্রতিভার স্বাক্ষর রাখছে তরুণ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো জুনিয়র। গতির পাশাপাশি আক্রমণভাগে দুর্দান্ত ফিনিশিংয়ের কারণে ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এই লেফট উইঙ্গার ফুটবল অঙ্গনে নজর কেড়েছেন। পর্তুগালের অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৬ দলের হয়ে গত এক বছরে তিনটি গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছে সে। এর মধ্যে ভ্লাতকো মাকোভিচ টুর্নামেন্টের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জুনিয়রের জোড়া গোল দলটিকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করে। 

এছাড়া বাবার বর্তমান ক্লাব সৌদি প্রো লিগের দল আল নাসরের অনূর্ধ্ব-১৫ দলের হয়েও সে দুর্দান্ত খেলছে।ক্লাবটির হয়ে ইতিমধ্যে ২৭ ম্যাচে ৫৬টি গোল এবং ১৫টি অ্যাসিস্ট করার পাশাপাশি অনূর্ধ্ব-১৭ দলের হয়ে নিয়মিত হ্যাটট্রিক করে যাচ্ছে এই কিশোর। তার এই অসাধারণ পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সৌদি আরবের সংবাদমাধ্যম আল উইয়াম জানিয়েছে, আগামী ২০২৬-২৭ মৌসুমে ক্রিস্টিয়ানো জুনিয়রকে মূল দলের অনুশীলনে যুক্ত করতে পারে আল নাসর কর্তৃপক্ষ।