জুলাই ১০, ২০২৬, ১২:০১ এএম
মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর আর্জেন্টিনা শিবিরে কিছুটা স্বস্তির আবহ তৈরি হয়েছে। তবে মাঠের বাইরের পরিবেশ হাসিখুশি থাকলেও, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিয়ে বেশ সতর্ক কোচ লিওনেল স্কালোনি। সেমিফাইনালে যাওয়ার টিকিট নিশ্চিত করতে কানসাস সিটি স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও ৩-২ গোলের জয় পাওয়া ম্যাচটি কোচকে ভাবিয়ে তুলেছে।সেই ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করেই একাদশ সাজাচ্ছেন আর্জেন্টাইন কোচ।
ম্যাচ শেষে স্কালোনি স্বীকার করেছিলেন যে, দীর্ঘ সময় পিছিয়ে থাকলেও আর্জেন্টিনা বলের নিয়ন্ত্রণ রাখতে পেরেছে, তবে গোলের সুযোগ কাজে লাগানো ও রক্ষণের ভুলে উন্নতির প্রয়োজন ছিল। তাই সুইজারল্যান্ড ম্যাচে বড় কোনো রদবদল না হলেও এক-দুটি জায়গায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাইট-ব্যাক পজিশন ও আক্রমণভাগ নিয়েই চলছে মূল আলোচনা। নাহুয়েল মোলিনা নাকি গঞ্জালো মন্তিয়েল — এই দ্বিধায় রয়েছেন কোচ। পাশাপাশি আক্রমণভাগে জুলিয়ান আলভারেজের জায়গায় শুরুর একাদশে লাউতারো মার্তিনেজের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মিশরের বিপক্ষে আলভারেজ ও মোলিনা নিজেদের সেরা ছন্দে ছিলেন না। অন্যদিকে, বদলি হিসেবে নেমে মন্তিয়েল ও লাউতারো মার্তিনেজ ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। বিশেষ করে লাউতারোর গুরুত্বপূর্ণ ভূমিকা ও অ্যাসিস্ট কোচকে নতুন করে ভাবাচ্ছে। তবে বিশ্বকাপের মতো বড় আসরে হঠাৎ করে একাদশে বড় পরিবর্তন আনতে দ্বিধা করছেন স্কালোনি।
শেষ দুই দিনের অনুশীলন দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। সম্ভাব্য একাদশে এমিলিয়ানো মার্টিনেজ গোলপোস্টের নিচে থাকছেন। রক্ষণে ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ থাকছেন। মাঝমাঠে রদ্রিগো ডি পল ও এনজো ফার্নান্দেজ থাকছেন, আর আক্রমণে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে লাউতারো মার্তিনেজ কিংবা জুলিয়ান আলভারেজকে দেখা যেতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন