বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,

আর্জেন্টিনার পরবর্তী ১০ নম্বর জার্সি পাচ্ছেন কে?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৬, ০৬:১৫ পিএম

আর্জেন্টিনার পরবর্তী ১০ নম্বর জার্সি পাচ্ছেন কে?

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের মঞ্চেই যেন আর্জেন্টিনার ভবিষ্যৎ দলের নতুন অধ্যায়ের সূচনা করলেন তরুণ মিডফিল্ডার নিকো পাজ। বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচে মেসির চোখধাঁধানো পাস থেকে পাজের করা গোলটি কেবল ব্যবধানই দ্বিগুণ করেনি, আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সির ভবিষ্যৎ উত্তরসূরি নিয়েও জোরালো ইঙ্গিত তৈরি করেছে।

আর্জেন্টাইন অধিনায়কের শেষ আন্তর্জাতিক ম্যাচে দ্বিতীয়ার্ধে তরুণ এই আক্রমণাত্মক মিডফিল্ডারের গোলের পেছনে সরাসরি অবদান ছিল মেসির। ম্যাচের ৬০ মিনিটে ডান প্রান্ত ধরে দ্রুত গতিতে আক্রমণে ওঠেন মেসি। সেখান থেকে নিখুঁত দক্ষতায় বল বাড়িয়ে দেন সামনে থাকা পাজের দিকে। বল নিয়ন্ত্রণে নিয়ে ফাঁকা জায়গা তৈরি করে বাঁ পায়ের জোরালো শটে বেনিনের জালে বল জড়ান এই তরুণ। তার এই গোলেই দল ২-০ ব্যবধানে এগিয়ে যায়।

গোলের আনন্দ উদযাপন করতে গিয়ে সতীর্থদের অভিনন্দন জানানোর পরপরই সরাসরি মেসির দিকে ছুটে যান পাজ। এরপর দুজনকে পরম মমতায় জড়িয়ে ধরতে দেখা যায়। মেসির বিদায়ী ম্যাচ হওয়ায় সাধারণ একটি গোল উদযাপনের চেয়েও দৃশ্যটি ফুটবলপ্রেমীদের চোখে গভীর তাৎপর্য নিয়ে ধরা দিয়েছে।

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার জার্সিতে ১০ নম্বরের উত্তরাধিকার কার কাঁধে উঠবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্রীড়ামোদীদের মধ্যে আলোচনা চলছিল। ক্লাব ফুটবলেও নিজের প্রতিভার পরিচয় দিয়ে চলেছেন আক্রমণাত্মক এই মিডফিল্ডার। জাতীয় দলের হয়ে মাঠে নামলেই তার পরিপক্ব পারফরম্যান্স সমর্থকদের প্রত্যাশাকে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে।

বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় মহাতারকার পাস থেকে তরুণ উত্তরসূরির গোল করার মুহূর্তটি যেন এক হাত থেকে অন্য হাতে ব্যাটন তুলে দেওয়ার মতো প্রতীকী রূপ নিয়েছে। মেসির অধ্যায় শেষ হওয়ার রাতে পাজের হাতেই প্রস্তুত হচ্ছে আলবিসেলেস্তেদের পরবর্তী অধ্যায়। আর্জেন্টিনা ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, তরুণ নিকো পাজই হতে যাচ্ছেন দেশটির পরবর্তী ১০ নম্বর জার্সির স্থায়ী কাণ্ডারি।