জুলাই ১১, ২০২৬, ০৭:০৪ পিএম
ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইংল্যান্ড ও নরওয়ে দুই দলই পড়েছে স্বাস্থ্যগত সমস্যায়। শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে একে অপরের মুখোমুখি হওয়ার কথা রয়েছে দল দুটির। তবে ম্যাচের আগেই দুই দলের শিবিরে সর্দি-কাশি ও ফ্লুজনিত ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিতব্য এই ম্যাচের আগে তীব্র গরম এবং অতিরিক্ত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যবহারের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে। ঘামভেজা শরীর নিয়ে বারবার গরম আবহাওয়া থেকে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে যাওয়ায় খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে অসুস্থতা ছড়িয়ে পড়েছে।
ইংল্যান্ড শিবিরে দলের অন্যতম খেলোয়াড় ডেকলান রাইস গত কয়েক দিন অনুশীলন করতে পারেননি। সংক্রমণ যাতে সতীর্থদের মধ্যে না ছড়ায়, সে কারণে তাকে দলের বাইরে আলাদা রাখা হয়েছে। তার ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ম্যাচটির গুরুত্ব বিবেচনায় তাকে মাঠে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া রাইস হ্যামস্ট্রিং ও কোমরের নিচের অংশের সমস্যাতেও ভুগছেন।
নরওয়ের পরিস্থিতি আরও উদ্বেগজনক। দলটির কোচ স্টলে সলবাক্কেন জানিয়েছেন, খেলোয়াড় ও কোচিং স্টাফসহ প্রায় ৫০ জন কাশি, জ্বর ও ক্লান্তির মতো উপসর্গে আক্রান্ত হয়েছেন। তাপমাত্রার হঠাৎ পরিবর্তনকেই এর প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে। অসুস্থতার কারণে স্ট্রান্ড লারসেন ও পেডারসেনকে দলের বাইরে থাকতে হয়েছে।
তবে নরওয়ের অধিনায়ক মার্টিন ওডেগার্ড পরিস্থিতি নিয়ে আশাবাদী। তিনি বলেন, বারবার গরম পরিবেশ থেকে শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে যাতায়াত করলে এমনটা হওয়া স্বাভাবিক। বিষয়টি খুব গুরুতর নয়। কয়েকজন কিছুটা অসুস্থ বোধ করছেন, তবে আশা করছি ম্যাচের আগেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।
ক্লাব ফুটবলে আর্সেনালের হয়ে ওডেগার্ড ও রাইস সতীর্থ হিসেবে খেললেও, আজ জাতীয় দলের জার্সিতে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। দুই দলের খেলোয়াড়দের শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে ম্যাচের তীব্রতা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন