রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৮, ২০২৬, ১২:২৮ পিএম

বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে

ছবি - সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে এখন সারা বিশ্বে উত্তেজনা। এই উন্মাদনার মধ্যেই মেক্সিকোর গুয়াদালাহারা শহরে অনুষ্ঠিত হয়েছে গণবিয়ে। শুক্রবার শহরের ফিফা ফ্যান ফেস্ট প্রাঙ্গণে ৭৫০টি জুটি আইনত বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের ঠিক আগ মুহূর্তে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রথাগত বিয়ের পোশাকের পাশাপাশি অনেক দম্পতিকে তাদের প্রিয় ফুটবল দলের জার্সি পরে অংশ নিতে দেখা গেছে। অনেকে মেক্সিকো জাতীয় দলের ঐতিহ্যবাহী সবুজ জার্সিও পরিধান করেছিলেন। বিয়ে সম্পন্ন হওয়ার পর নবদম্পতিরা একে অপরকে শুভেচ্ছা জানান এবং উপস্থিত দর্শক ও স্বেচ্ছাসেবকরা করতালি দিয়ে তাদের অভিনন্দন জানান।

বিয়েতে অংশ নেওয়া এক দম্পতি তাদের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, তারা দীর্ঘদিন ধরেই বিয়ের পরিকল্পনা করছিলেন কিন্তু উপযুক্ত সুযোগের অপেক্ষায় ছিলেন। বিশ্বকাপের এই ফুটবল উন্মাদনার মাঝে নিজেদের জীবনসঙ্গীর সঙ্গে এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।

আরেক নবদম্পতি জানান, এই আয়োজনের মাধ্যমে তাদের জীবনের দুটি বড় ভালোবাসার মিলন ঘটেছে। একটি হলো ফুটবলের প্রতি ভালোবাসা এবং অন্যটি হলো জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা। মেক্সিকান হিসেবে নিজেদের ফুটবল দলের প্রতি তারা গর্ব প্রকাশ করেন এবং ভবিষ্যতেও দলের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

আয়োজক কমিটি জানিয়েছে, এই দিনে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে মোট ৭৫০টি জুটি নিবন্ধন করেছিলেন। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই জুটিদের সামাজিক ও আইনি বিবাহ সম্পন্ন হয়। বিশ্বকাপের আমেজে আয়োজিত এই গণবিয়ে শহরটিতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।