জুলাই ১৯, ২০২৬, ০২:২১ পিএম
বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোল করার তালিকায় লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। তবে ব্যক্তিগত এই অর্জনের চেয়েও ফাইনালে খেলতে না পারার আক্ষেপই বেশি তাড়া করছে তাকে।শনিবার অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে যায় ফ্রান্স। ওই ম্যাচে দুটি গোল পেয়েছেন এমবাপ্পে।এতে বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ২২টিতে। যা মেসির ২১ গোলের রেকর্ডকে ছাড়িয়ে নতুন ইতিহাস।
শিরোপা নির্ধারণী ফাইনালে আজ মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ফুটবলের জাদুকর মেসির সামনে বিরাট সুযোগ এমবাপ্পেকে ছাড়িয়ে নিজেকে আরও ওপরে নিয়ে যাওয়ার।তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শেষে এমবাপ্পে গণমাধ্যমে বলেছেন, মেসি গোল করবেন (ফাইনালে), এটা নিশ্চিত।মেসি ছয় বিশ্বকাপে ৩১ ম্যাচ খেলে ২১ গোল করেছেন। এমবাপ্পে তিন বিশ্বকাপ খেলেই ২২ গোল করে মেসিকে টপকে গেছেন। আজকের ফাইনাল মেসির সুযোগ আবার এমবাপ্পেকে ছাড়িয়ে যাওয়ার এবং নিজের প্রথম গোল্ডেন বুট জিতে নেওয়ার।
চলতি আসরে মেসি ৮ গোলের পাশাপাশি ৪টি অ্যাসিস্ট করেছেন। এমবাপ্পে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল দিয়ে ১০ গোল করার পাশাপাশি ৪টি অ্যাসিস্ট করেছেন। গোল্ডেন বুট পেতে হলে ফাইনালে তাই দারুণ কিছুই করতে হবে আর্জেন্টাইন জাদুকরকে।
এদিকে, বিশ্বকাপের ইতিহাসে এক আসরে ১০ গোল করে এমবাপ্পে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ গোল করার কীর্তিও গড়েছেন। তার ওপরে রয়েছেন কেবল ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৩ গোল, ১৯৫৮) এবং হাঙ্গেরির সান্দর কোকসিস (১১ গোল, ১৯৫৪)। জার্মান কিংবদন্তি গার্ড মুলারও ১৯৭০ সালে করেছিলেন ১০ গোল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন