জুলাই ১৯, ২০২৬, ১০:২১ পিএম
আর্জেন্টিনা যদি ফাইনালে স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরতে পারে, তবে আগামী সোমবার দেশটিতে জাতীয় ছুটি ঘোষণা করার কথা বিবেচনা করছে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের প্রশাসন। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে সরকারের নীতিনির্ধারণী মহলে এই নিয়ে জোর গুঞ্জন ও প্রস্তুতি চলছে।
আর্জেন্টাইন সংবাদপত্র ক্লারিন-এর প্রতিবেদন অনুযায়ী, ছুটি ঘোষণার বিষয়টি সম্পূর্ণভাবে স্পেনের বিপক্ষে ফাইনালের ফলাফলের ওপর নির্ভর করছে। লিওনেল স্কালোনির দল চ্যাম্পিয়ন হতে পারলে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল।
আর্জেন্টিনা সরকারের মূল উদ্দেশ্য হলো ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের পর দেশটিতে যে অভাবনীয় উল্লাস হয়েছিল, তার পুনরাবৃত্তি ঘটানো। তৎকালীন প্রেসিডেন্ট আলবের্তো ফের্নান্দেস জরুরি ডিক্রির মাধ্যমে জাতীয় ছুটি ঘোষণা করেছিলেন, যার ফলে লাখ লাখ আর্জেন্টাইন রাস্তায় নেমে জয় উদযাপন করতে পেরেছিলেন।
সরকার এবারও ট্রফি জয়ী দলের দেশে ফেরার লজিস্টিকস ও নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা শুরু করেছে।আর্জেন্টিনার সরকারি চিফ অব স্টাফ দিয়েগো সান্তিই জানিয়েছেন, যেকোনো ধরণের রাস্তায় বড় উদযাপনের নিরাপত্তা ও লজিস্টিকস সহায়তার জন্য সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে।
তবে তিনি স্পষ্ট করে বলেছেন, উদযাপনের ধরণ কেমন হবে, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ খেলোয়াড় ও কোচিং স্টাফদের। সরকার এখানে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না, বরং খেলোয়াড়দের ইচ্ছাকেই সম্মান জানাবে।আর্জেন্টিনা আজ স্পেনের বিপক্ষে জয়লাভ করলে বুয়েনস আইরেসের রাস্তায় আবারও ২০২২ সালের মতোই ঐতিহাসিক গণ-উদযাপন দেখা যাবে বলে আশা করছে প্রশাসন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন