জুলাই ১৯, ২০২৬, ১০:৩৩ পিএম
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হারের পর অবশেষে টি-টোয়েন্টিতে জয়ের দেখা পেল বাংলাদেশ। তবে সিরিজ জয়ের শুরুটা হয়েছিল বিপর্যয় দিয়ে। শেষ পর্যন্ত তিন ম্যাচের সিরিজে টানা দুটি জিতে সংক্ষিপ্ত ওভারের এই সিরিজ ঘরে তুলল তাওহিদ হৃদয়ের দল। রোববার হারারেতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জয় পায় টাইগাররা।
হারারের এই ম্যাচে জিম্বাবুয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য ১৯ দশমিক ৪ ওভারে টপকে যায় বাংলাদেশ। শেষ ওভার পর্যন্ত গড়ানো উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ২ বল হাতে রেখেই জয় তুলে নেয় সফরকারীরা।এর আগে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন ডিওন মায়ার্স। ৫৩ বলের ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া ব্রায়ান বেনেট ৩৮ বলে ৪৭ রান করেন। অধিনায়ক সিকান্দার রাজা ৩ এবং রায়ান বার্ল ৭ রানে আউট হন।
বাংলাদেশের বোলারদের মধ্যে মোহাম্মদ সাইফউদ্দিন ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২টি উইকেট নেন। মাহেদী হাসান, রিশাদ হোসেন ও আবদুল গাফফার সাকলাইন একটি করে উইকেট শিকার করেন। এছাড়া ফিল্ডিংয়ে দুটি গুরুত্বপূর্ণ রানআউট জিম্বাবুয়ের রান আটকে রাখতে বড় ভূমিকা রাখে।১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। তবে তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন। ইমন ২২ বলে ২৪ রান করে ফিরলে তানজিদ ইনিংসের হাল ধরে রাখেন। অধিনায়ক তাওহীদ হৃদয় ১৯ বলে ২৪ রান করেন এবং ইয়াসির আলী যোগ করেন ৯ বলে ১০ রান।
শেষদিকে টানা দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও তানজিদ হাসান শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তিনি ৫৮ বলে ৬৬ রানের ইনিংসে ১টি চার ও ৪টি ছক্কা হাঁকান। শেষ মুহূর্তে মাহেদী হাসানের বাউন্ডারিতে নিশ্চিত হয় বাংলাদেশের জয়।জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা, ব্র্যাড ইভান্স ও সিকান্দার রাজা দুটি করে উইকেট নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন