শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

কবে দায়িত্ব ছাড়ছেন স্ক্যালোনি, জানালেন নিজেই

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ১০:২৯ পিএম

কবে দায়িত্ব ছাড়ছেন স্ক্যালোনি, জানালেন নিজেই

ছবি - সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন। ফাইনালে ১০ জনের দলে পরিণত হয়েও লড়াই চালিয়ে যাওয়া আর্জেন্টিনা শেষ পর্যন্ত শিরোপা জয়ের সুযোগ হারায়। এমন হারের পর আবেগাপ্লুত কোচ লিওনেল স্ক্যালোনি তার পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলেছেন।

সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ফেডারেশন সভাপতির সাথে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।ম্যাচ শেষে স্ক্যালোনি বলেন, আমি ফেডারেশন সভাপতির সঙ্গে কথা বলব। আমার কিছু পরিকল্পনা আছে, তবে আমাকে ভাবতে হবে। এত বড় অর্জনের পর আবার নতুন করে শুরু করা সম্ভব কি না, সেটিও বিবেচনা করতে হবে। ২০১৮ সালের পর দায়িত্ব নেওয়া এই কোচ আর্জেন্টিনার ফুটবলে একের পর এক সাফল্য এনে দিয়েছেন। তার অধীনে আর্জেন্টিনা ২০২২ সালে বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকা শিরোপা জিতেছে।

আর্জেন্টিনা দলের সাথে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে স্ক্যালোনির। শেষ পর্যন্ত যদি চুক্তি নবায়ন না করা হয়, তাহলে এই বিশ্বকাপই হতে পারে তার শেষ দায়িত্ব। স্ক্যালোনি বলেন, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য সভাপতির কাছে আমি কৃতজ্ঞ। এটি ছিল স্বপ্নের মতো একটি জায়গা। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা সবাই নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি, এখন নিজের জন্য কিছুটা সময় নিয়ে ভাবতে চাই।

আবেগপ্রবণ স্ক্যালোনি আরও বলেন, নতুন করে শুরু করতে হলে মানসিকভাবে অনেক পরিবর্তন প্রয়োজন। ফাইনালে হারের জন্য খেলোয়াড়দের দোষারোপ করেননি তিনি; বরং স্পেনকে জয়ের যোগ্য বলে স্বীকার করে নিয়েছেন। দীর্ঘদিনের সঙ্গী খেলোয়াড়দের বয়স ও দল পুনর্গঠন তার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অধিনায়ক লিওনেল মেসির মতো খেলোয়াড়দের ভবিষ্যতের ওপর নির্ভর করছে আর্জেন্টিনার পরবর্তী পথচলা।