শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ফিফা থেকে সর্বোচ্চ ক্ষতিপূরণ ও তহবিল পেল ম্যানচেস্টার সিটি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২২, ২০২৬, ১১:০৩ পিএম

ফিফা থেকে সর্বোচ্চ ক্ষতিপূরণ ও তহবিল পেল ম্যানচেস্টার সিটি

ছবি - সংগৃহীত

ফিফার ক্লাব বেনিফিটস প্রোগ্রাম বা সিবিপির আর্থিক সহায়তা তহবিল থেকে বিশ্বের অন্যান্য ক্লাবগুলোকে পেছনে ফেলে সবচেয়ে বেশি অর্থ অর্জনের রেকর্ড গড়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। যুক্তরাষ্ট্রের একটি ক্রীড়া মাধ্যমের প্রকাশিত বিশেষ প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ আসরে ফুটবলার পাঠানোর সুবাদে ফিফার এই তহবিল থেকে সর্বোচ্চ অনুদান পাওয়ার গৌরব অর্জন করেছে ক্লাবটি। 

টানা তিন আসরে ফিফার তহবিল থেকে শীর্ষস্থান ধরে রাখল ইংলিশ পরাশক্তি এই ক্লাবটি।বিশ্বকাপের সময় ক্লাবগুলোর খেলোয়াড় ছাড়ার বিনিময়ে এই ক্ষতিপূরণ প্রদান করা হয়।ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা এবারের আসরে এই তহবিলের আকার ৭০ শতাংশ বৃদ্ধি করে মোট ৩৫ কোটি ৫০ লাখ ডলার নির্ধারণ করেছিল। এর মধ্যে কেবল মূল পর্বে অংশ নেওয়া ৪৮টি দেশের খেলোয়াড়দের ক্লাবগুলোর মাঝে বণ্টন করা হয় ২৫ কোটি ডলার। সিবিপির নির্ধারিত নিয়ম মেনে ম্যানচেস্টার সিটি বিশ্বকাপ থেকে আনুমানিক ৪৪ লাখ ডলার আয় করছে। 

টুর্নামেন্টের শেষ ধাপ এবং ফাইনাল পর্যন্ত সিটির হয়ে স্পেনের মিডফিল্ডার রদ্রি এবং ফ্রান্স ও ইংল্যান্ডের হয়ে লড়াই করা রায়ান শেরকি, মার্ক গেহি, জন স্টোনস ও জেমস ট্রাফোর্ডের মতো তারকা ফুটবলারদের অসাধারণ অবদান রয়েছে এই অর্জনে।আয়ের এই তালিকায় সিটির পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা, যারা পেয়েছে ৩৯ লাখ ডলার। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য ক্লাবগুলোর মধ্যে আর্সেনাল ৩৩ লাখ, ক্রিস্টাল প্যালেস ২৭ লাখ এবং সান্ডারল্যান্ড ২২ লাখ ডলার সংগ্রহ করেছে। 

বিশ্বকাপে অংশ নেওয়া সর্বমোট ১২৪৮ জন ফুটবলারের মধ্যে ১৩ শতাংশই ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের, যার ফলে লিগভিত্তিক আয়েও শীর্ষে রয়েছে ইংলিশ ক্লাবগুলো। সম্মিলিতভাবে তারা পেয়েছে ৩ কোটি ৪২ লাখ ডলার এবং ১ কোটি ৮৮ লাখ ডলার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানির বুন্দেসলিগা। ম্যানচেস্টার সিটির বার্ষিক বিশাল বাজেটের তুলনায় এই অর্থ খুব বড় না হলেও, বিশ্ব ফুটবলে তাদের খেলোয়াড়দের অসাধারণ প্রভাব ও সাফল্যের বিষয়টি এই আয়ের মাধ্যমেই পুনরায় প্রমাণিত হলো।