সেপ্টেম্বর ১২, ২০২৬, ০২:২৯ পিএম
হুলিয়ান আলভারেজকে নিয়ে দলবদলের মৌসুমে অসন্তোষ তৈরি হলেও আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের কাছে এখন শুধু গোল চান আতলেতিকো মাদ্রিদের সমর্থকরা। একই চাওয়া স্পেনের রাজধানী মাদ্রিদের মেয়র ও আতলেতিকো ভক্ত হোসে লুইস মার্তিনেস-আলমেইদারও। মাঠের পুরনো ক্ষোভ ধরে না রেখে তারকা এই স্ট্রাইকারের দ্রুত ছন্দে ফেরাই এখন প্রধান লক্ষ্য।
আলভারেজের প্রতি ক্ষোভ থাকলেও ক্ষমা চান না মেয়র। সম্প্রতি এক সাক্ষাৎকারে হোসে লুইস মার্তিনেস-আলমেইদা বলেন, "হুলিয়ানের ওপর কি আমি ক্ষুব্ধ? হ্যাঁ। সেই রাগ দেখিয়ে কি আমাদের কোনো লাভ হবে? না। আতলেতিকোর সমর্থকদের মধ্যে এ নিয়ে বিতর্ক হতে পারে। আমি হুলিয়ানকে ক্ষমা চাইতে বলছি না, আমি চাই সে গোল করুক।"
আলভারেজের ফর্ম দ্রুত ফেরানোকে ক্লাবের জন্য জরুরি মনে করছেন তিনি। মার্তিনেস-আলমেইদা বলেন, "আমাদের সবার এখন যা করতে হবে, তা হলো হুলিয়ানকে আবার ছন্দে ফেরানো। কারণ তা না হলে আগামী বছর তার মূল্য অর্ধেকে নেমে আসবে— এটা ছাড়াও আরও অনেক বিষয় আছে। যদিও ‘আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই’— তার এমন মন্তব্য আমাদের কষ্ট দিয়েছে। তবে আমার মনে হয় না, সে ক্ষমা চাইলে কোনো লাভ হবে। আমাদের এখন তাকে গোল করতে বলা ও গোল করার ভিত্তিতেই তার বিচার করতে হবে।"
গত জুন-জুলাইয়ে ফিফা বিশ্বকাপ চলাকালে বার্সেলোনায় যোগ দিয়ে নিজের স্বপ্ন পূরণের ইচ্ছা প্রকাশ করে প্রকাশ্যে আতলেতিকো ছাড়ার কথা বলেছিলেন আলভারেজ। তাকে দলে টানতে আগ্রহ দেখিয়েছিল ইংল্যান্ডের ক্লাব আর্সেনালও। দরকষাকষির পরও আতলেতিকো তাকে বিক্রি করেনি। নতুন মৌসুমের শুরুতে ক্লাবে থেকে সমর্থকদের দুয়ো শুনেছেন তিনি, যার জেরে তিন দিন দলের সঙ্গে অনুশীলনও করেননি।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও চলতি মৌসুমে গোলের দেখা পাননি ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার। ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে অবশ্য একমাত্র গোলের অ্যাসিস্টটি করেছিলেন তিনি। ২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে আতলেতিকোতে যোগ দিয়ে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১০৯ ম্যাচে ৪৯টি গোল ও ১৮টি অ্যাসিস্ট করেছেন আলভারেজ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন