বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

সিরিজ হেরেও টাইগারদের কঠিন চ্যালেঞ্জের কথা বললেন ডাচ কোচ

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:৩৩ এএম

সিরিজ হেরেও টাইগারদের কঠিন চ্যালেঞ্জের কথা বললেন ডাচ কোচ

ছবি- সংগৃহীত

প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় টি-টোয়েন্টিতেও নেদারল্যান্ডসের ব্যাটাররা রান করতে পারেননি। নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানদের সামনে ডাচরা কার্যত দাঁড়াতেই পারেনি। তাদের টপ অর্ডার ভেঙে যায় তাসের ঘরের মতো। শেষ দিকে আরিয়ান দত্ত কিছুটা লড়াই করলে কোনোরকমে একশ রানের কোটা পার করে সফরকারীরা।

দাপুটে ব্যাটিংয়ে সেই লক্ষ্য সহজেই পেরিয়ে যায় বাংলাদেশ। ৯ উইকেটের বিশাল জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। তবে সিরিজ হারের পরও নেদারল্যান্ডস দলের সহকারী কোচ রায়ান ভ্যান নিকার্ক ফিরে আসার কথা বলেছেন।

সিরিজ হার প্রসঙ্গে সংবাদ সম্মেলনে নিকার্ক বলেন, “আমরা আমাদের দল নিয়ে গর্বিত। বাংলাদেশের মতো শীর্ষ দশের একটি দলের বিপক্ষে খেলাটা একটা বিরাট সুযোগ। আমরা ক্রিকেটের দেশ হিসেবে এখানেই থাকতে চাই, বিশ্বের সেরা সাদা বলের দলগুলোর বিপক্ষে খেলতে চাই। তাই সেই দৃষ্টিকোণ থেকে, আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আমরা মাঠে নামব এবং একটি কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেব।”

বাংলাদেশকে দল হিসেবে আরও ভালো করতে হলে ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে বলে মনে করিয়ে দিয়েছেন নিকার্ক। তিনি বলেন, “সাদা বলের ক্রিকেটে অনেক দলই একে অপরের খুব কাছাকাছি চলে এসেছে। বাংলাদেশ ব্যাটিংয়ে যে ধারাবাহিকতা দেখাচ্ছে, তা তাদের ভালো অবস্থানে রাখবে। যদি কিছু তরুণ ব্যাটাররা দায়িত্ব নিতে পারে, যেমনটা তারা এই সিরিজে করেছে, আমি মনে করি এশিয়া কাপে তাদের ভালো সুযোগ থাকবে।”

বাংলাদেশের বোলিং লাইনআপের বৈচিত্র্যেরও প্রশংসা করেন তিনি। “বাংলাদেশের বোলিং লাইনআপে খুব ভালো বৈচিত্র্য রয়েছে, যেমন বাঁ-হাতি ও ডান-হাতি বোলিংয়ের অপশন। তাদের তাসকিন আছে যে ১৩৫-এর বেশি গতিতে বল করে। তারপর ফিজ (মুস্তাফিজ) আছে যে তার সব বৈচিত্র্য নিয়ে আসে। তাদের মেহেদী আছে, যার অফ-স্পিন নতুন বলে খুবই মূল্যবান এবং সে ইনিংসের যেকোনো সময় বল করতে পারে। সুতরাং আপনি যখন তাদের আক্রমণের বৈচিত্র্য দেখবেন, আমার মনে হয় তারা সবসময়ই প্রতিদ্বন্দ্বিতা করবে।”