সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ভারত-পাকিস্তান ম্যাচকে আর প্রতিদ্বন্দ্বিতা বলতে নারাজ সূর্যকুমার

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৫, ১০:০৬ এএম

ভারত-পাকিস্তান ম্যাচকে আর প্রতিদ্বন্দ্বিতা বলতে নারাজ সূর্যকুমার

ছবি - সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে ৬ উইকেটে হারানোর পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, ভারত-পাকিস্তান ম্যাচকে আর প্রতিদ্বন্দ্বিতা বলা যায় না। তিনি মনে করেন, পরিসংখ্যানই বলে দিচ্ছে এই দুই দলের লড়াই এখন একতরফা শ্রেষ্ঠত্বের গল্প।

১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পাকিস্তানকে চাপে ফেলে দেন ভারতের দুই ওপেনার শুভমান গিল ও অভিষেক শর্মা। মাত্র ৫৯ বলে তারা ১০৫ রানের রেকর্ড জুটি গড়েন।

অভিষেক ৩৯ বলে ৭৪ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন, যেখানে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। শুভমান গিলও ৪৭ রান করে আউট হন। ভারত ৬ উইকেট ও ৭ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সূর্যকুমার যাদব বলেন, “আপনারা বারবার ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করেন। আমার মতে, যখন দুই দল ১৫-২০ বার খেলবে এবং ফলাফল সমানে সমান হবে, তখন সেটিকে প্রতিদ্বন্দ্বিতা বলা যায়।

কিন্তু ১০-০ বা ১০-১ হলে এটা প্রতিদ্বন্দ্বিতা নয়। আমরা ওদের চেয়ে ভালো ক্রিকেট খেলছি, ব্যাটিং হোক বা বোলিং।” পরিসংখ্যানও তার কথা প্রমাণ করে। এই জয়ের পর টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড দাঁড়াল ১২-৩।

ফিল্ডিংয়ের কিছু ভুলের বিষয়ে সূর্যকুমার বলেন, “আমার মনে হয় ফিল্ডিং কোচ এরই মধ্যে ইমেইল পাঠিয়েছেন তাদের, যাদের হাতে আজ বাটার লেগে ছিল। তবে এটা আগে হওয়া ভালো, কারণ সামনে আরও গুরুত্বপূর্ণ ম্যাচ আছে।”