সেপ্টেম্বর ২২, ২০২৫, ১০:৩৬ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর বদলে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার জন্য অবশেষে অনুমতি পেয়েছেন তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। তার ক্যারিয়ারের উন্নয়নে গুরুত্ব দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে পুরো মৌসুমের জন্য বিবিএলে খেলার অনুমতি দিয়েছে। বিসিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
গত মৌসুমে বিবিএল ড্রাফট থেকে রিশাদকে দলে নিয়েছিল হোবার্ট হ্যারিকেনস। কিন্তু জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর এবং বিপিএলের ব্যস্ততার কারণে তখন তিনি খেলতে পারেননি। এবারও চ্যাম্পিয়ন দলটি এই তরুণ লেগস্পিনারের ওপর আস্থা রেখেছে।
বিবিএল ও বিপিএলের সূচি একই সময়ে হওয়ায় রিশাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে বিসিবির পক্ষ থেকে এই ধোঁয়াশা দূর করা হয়েছে। বিসিবির সূত্রটি জানায়, "রিশাদকে পুরো মৌসুমের জন্য এনওসি (অনাপত্তি পত্র) দেওয়া হয়েছে। বিগ ব্যাশে খেলা তার ক্যারিয়ারের উন্নতির জন্য বিপিএলের চেয়ে বেশি সহায়ক হবে, তাই আমরা তাকে অংশগ্রহণের অনুমতি দিয়েছি।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন