সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১১:১৩ এএম
আইসিসি (ICC) থেকে দুঃসংবাদ পেয়েছে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করা ভারত। দলটির অধিনায়ক সূর্যকুমার যাদবকে জরিমানা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচের পর ভারতীয় অধিনায়কের ‘রাজনৈতিক মন্তব্যের’ জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করেছে। এশিয়া কাপের আয়োজকরা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে। আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন অভিযোগ তদন্ত করে এই জরিমানা নির্ধারণ করেন।
ঘটনার সূত্রপাত হয় ১৪ সেপ্টেম্বর পেহেলগাম সন্ত্রাসী হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সূর্যকুমার যাদবের ম্যাচ-পরবর্তী মন্তব্যের পর। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তখন আইসিসির কাছে অভিযোগ করে দাবি করে, ভারতীয় অধিনায়ক ক্রিকেট ম্যাচে রাজনৈতিক মন্তব্য করেছেন।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর খবর অনুযায়ী, লেভেল ওয়ান পর্যায়ের অপরাধে জরিমানার ঘটনায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আপিল করেছে। তবে সেই আপিল শুনানি কবে হবে বা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইসিসি ভারতকে বাকি টুর্নামেন্টে আর কোনো রাজনৈতিক মন্তব্য না করার নির্দেশও দিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন