সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৯:৪২ এএম
এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারালো ভারত। তিলক ভর্মার অপরাজিত ৬৯ ও কুলদীপ যাদবের ৪ উইকেটে খেলায় জয় ছিনিয়ে আনলো টিম ইন্ডিয়া, রেকর্ড নবম শিরোপা জয়।
ক্রিকেট খেলায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের লড়াই মানেই রুদ্ধশ্বাস উত্তেজনা। ৪১ বছরের এশিয়া কাপের ইতিহাসে এই প্রথমবার ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। প্রত্যাশিতভাবেই দুবাইয়ের জমজমাট ফাইনালে নাটকীয় উত্থান-পতনের পর শিরোপা হাসি হাসল ভারতেরই মুখে।
রোববার রাতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সূর্যকুমার যাদবের দল। ফাইনাল ম্যাচটি পরিণত হয়েছিল মহারণে, কিন্তু শেষ হাসি হাসল ভারত।
টসে হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা ছিল দুর্দান্ত। ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান মাত্র ১০ ওভারেই ৮৪ রানের জুটি গড়েন। ফারহান খেলেন ৩৮ বলে ৫৭ রানের ঝলমলে ইনিংস এবং ফখর করেন ৩৫ বলে ৪৬ রান। কিন্তু ফারহান আউট হতেই পাকিস্তানের ব্যাটিং যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে।
শেষ ৯ উইকেট হারায় মাত্র ৩৩ রানে। নির্ধারিত ২০ ওভারের ১ বল বাকি থাকতেই পাকিস্তান গুটিয়ে যায় ১৪৬ রানে। ভারতের হয়ে বল হাতে ত্রাস সৃষ্টি করেন কুলদীপ যাদব, যিনি একাই ৪টি উইকেট শিকার করেন। অক্ষর প্যাটেল, বুমরাহ ও চক্রবর্তী প্রত্যেকেই নেন দুটি করে উইকেট।
১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। পাকিস্তানের ফাহিম আশরাফ আর শাহিন শাহ আফ্রিদির আগুনে বোলিংয়ে প্রথম ৪ ওভারেই অভিষেক শর্মা (৫), অধিনায়ক সূর্যকুমার যাদব (১) আর শুভমান গিল (১২) দ্রুত সাজঘরে ফেরেন। স্কোর তখন মাত্র ২০/৩।
সেখান থেকে ইনিংস গুছিয়ে নেন তিলক ভর্মা ও সঞ্জু স্যামসন। তাদের ব্যাটে আসে ৫৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। স্যামসন ২৪ রানে ফিরলেও, ভর্মার সঙ্গে পরের জুটিতে শিবম দুবে জ্বালালেন আশার আলো। দুবে করেন ২২ বলে ৩৩ রান, যাতে ছিল দুটি ছক্কা ও দুটি চার।
অন্য প্রান্তে তিলক ভর্মা ছিলেন অবিচল। চাপের ম্যাচে নিখুঁতভাবে খেলে ৫৩ বলে অপরাজিত ৬৯ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন, যাতে ছিল ৪ ছক্কা ও ৩ চার। তার এই শান্ত, পরিপক্ব ইনিংসই ভারতকে এনে দিল এশিয়া কাপের মুকুট।
পাকিস্তানের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন ফাহিম আশরাফ, যিনি ২৯ রান খরচ করে ৩টি উইকেট শিকার করেন। শেষ পর্যন্ত নাটকীয় এই খেলায় পাকিস্তানকে হারিয়ে রেকর্ড নবম এশিয়া কাপ জিতে নিজেদের শক্তির জানান দিল টিম ইন্ডিয়া।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন