সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১২:২৪ পিএম
এশিয়া কাপ ফাইনালে হারের পর পাক অধিনায়ক সালমান আলি আগা ভারতীয় দলের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। খেলার মাঠে অসম্মান ও ট্রফি না নেওয়ার বিতর্ক নিয়ে তার বিস্ফোরক মন্তব্য।
এশিয়া কাপ ফাইনাল শেষ হলেও খেলার বাইরের আলোচনা থামার কোনো লক্ষণ নেই। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে নবমবারের মতো শিরোপা জয়ের সুযোগ হারানোর পর এবার ক্ষোভে ফেটে পড়লেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ক্যামেরার আড়ালে তার সঙ্গে হাত মেলালেও জনসমক্ষে ইচ্ছাকৃতভাবে তা এড়িয়ে গেছেন। তার দাবি, ভারত কেবল পাকিস্তানকেই নয়; বরং পুরো ক্রিকেটকেই চরমভাবে অসম্মান করেছে।
পাক অধিনায়ক বলেন, "টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলন আর রেফারির বৈঠকে সূর্যকুমার আমার সঙ্গে হাত মিলিয়েছিলেন। কিন্তু ক্যামেরা অন থাকলে তারা হাত মেলাত না। আমার মনে হয়, ওকে এভাবেই নির্দেশ দেওয়া হয়েছিল।"
বিতর্ক আরও বেড়ে যায় ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে। ভারতের শিরোপা জয়ের পর দলটি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে। নকভি তখন ট্রফি নিয়ে মাঠ ছেড়ে চলে যান, ফলে ভারত ট্রফি ছাড়াই উদযাপন করে।
এই ঘটনাকে 'ক্রিকেটের প্রতি চরম অসম্মান' আখ্যা দিয়ে সালমান আলি আগা বলেন, "আমাদের সঙ্গে হাত না মেলানো মানে আমাদের অসম্মান নয়—এটা ক্রিকেটের অসম্মান। ভালো দলগুলো কখনো এমন করে না।" তিনি আরও যোগ করেন, "ক্রিকেট ভক্তরা আমাদের রোল মডেল মনে করে। ভারত যেটা করল, সেটা ছোটদের জন্য ভয়ানক বার্তা।"
তবে এর আগে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ভারতীয় দলের হাত না মেলানো নিয়ে আইসিসিতে অভিযোগ করেছিল পিসিবি। জবাবে আইসিসি জানিয়েছিল, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে সরানো হবে না, যদিও ভুল বোঝাবুঝির কারণে এমনটা হয়েছিল।
এবার ফাইনালের পর পুরস্কার বিতরণের মতো স্পর্শকাতর বিষয়ে ট্রফি নিতে অস্বীকৃতি জানানোয় খেলার নৈতিকতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। সংবাদ সম্মেলনের শেষ দিকে আগা জানান, পাকিস্তান দল এ ম্যাচের সম্মানী দান করবে 'অপারেশন সিঁদুর'-এ নিহত পাকিস্তানি সাধারণ নাগরিকদের পরিবারকে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন