সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১২:৪৫ পিএম
এশিয়া কাপ ফাইনালে জয়ী ভারত মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করায় মঞ্চে তৈরি হলো এক ঘণ্টার নাটক। খেলার শেষে কী ঘটেছিল, কেন চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াই উদযাপন করল—জানুন বিস্তারিত।
এশিয়া কাপ ফাইনাল জিতে খেলার মাঠে ভারত জয়ী হলেও পুরস্কার বিতরণী মঞ্চে সৃষ্ট বিতর্ক ছাপিয়ে গেল সব আনন্দকে। রোববারের ভারত-পাকিস্তান মহারণের পর ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রায় এক ঘণ্টার এক নাটক মঞ্চস্থ হয়, যার মূল কারণ ছিল ভারতীয় দলের ট্রফি গ্রহণে অস্বীকৃতি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে ভারত।
ম্যাচ জয়ের পর স্টেডিয়ামে আনন্দের বন্যা বইলেও নাটক শুরু হয় নেপথ্যে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়, ভারতীয় দল অনুরোধ করেছিল যে এমিরেটস বোর্ডের ভাইস চেয়ারম্যান খালিদ আল-জারুনি ট্রফি প্রদানে এগিয়ে আসুক, কিন্তু মহসিন নকভি সেই অনুরোধ নাকচ করে দেন। এদিকে ম্যাচ হারার পর পাকিস্তান খেলোয়াড়রা সরাসরি ড্রেসিংরুমে ফিরে গিয়ে দরজা বন্ধ করে দিলে পোস্ট-ম্যাচ অনুষ্ঠান শুরু হতে প্রায় এক ঘণ্টা দেরি হয়।
পরে যখন অনুষ্ঠান শুরু হয়, তখন ভারতের প্রত্যাখ্যানের মুখে এসিসি প্রধান নকভি নিজের তত্ত্বাবধানে পদক-ট্রফি প্রদান করতে চাইলে ভারতীয় ক্রিকেটাররা তাতে রাজি হননি।
একপর্যায়ে পিসিবি সভাপতি নকভি নিজেই ট্রফি ও পদক নিয়ে মঞ্চ ছেড়ে চলে যান। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম পাকিস্তানকে রানার্সআপ পদক দেন এবং পাক অধিনায়ক সালমান আলি আগা পিসিবি প্রধানের দেওয়া চেক ছুড়ে ফেলেন।
ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব শেষ পর্যন্ত সতীর্থদের নিয়ে ট্রফি ছাড়াই মঞ্চে ওঠেন। তারা হাসিমুখে ‘কাল্পনিক ট্রফি’ নিয়েই উদযাপন করেন। সংবাদ সম্মেলনে সূর্যকুমার তার ক্ষোভ চেপে রাখতে পারেননি। তিনি বলেন, “চ্যাম্পিয়ন হয়ে ট্রফি না পাওয়া—এমনটা আমি জীবনে দেখিনি।” অন্যদিকে সতীর্থ অভিষেক শর্মা মজা করে বলেন,
“আমরা ট্রফি পেয়েছি আসলে—সূর্য ভাই এনেছে! ওর হাতে আমরা ওজনও বুঝেছি।” এই ঘটনাকে ‘অপেশাদার’ ও ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, ট্রফি পুরস্কার লুকিয়ে রাখা উচিত হয়নি। এই নাটকীয়তা এশিয়া কাপের ইতিহাসে এক অদ্ভুত ‘ট্রফি-বিহীন জয়’ হিসেবে স্থান করে নিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন