রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফাইনালে খেলতে না পেরে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন লিটন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৪:৪৭ পিএম

ফাইনালে খেলতে না পেরে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন লিটন

ছবি - সংগৃহীত

এশিয়া কাপের গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারানোর পর দলের সামনে ফাইনাল খেলার সুযোগ এসেছিল। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সেই অলিখিত সেমিফাইনালে জাকের আলী অনিকদের বোলিং দুর্দান্ত হলেও, ব্যাটিংয়ের ব্যর্থতা ডুবিয়েছে দলকে।

এই সুযোগে বাংলাদেশকে হতাশ করে ফাইনালের টিকিট কাটে সালমান আগার দল। শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে না পারার কষ্টটা ছুঁয়ে গেছে দলের নিয়মিত অধিনায়ক লিটন দাসের হৃদয়।নিজেদের এই ব্যর্থতার দায় মেনে নিয়ে লিটন দাস সরাসরি সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন।

নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন: "একটি দল হিসেবে আমরা এশিয়া কাপে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের মূল লক্ষ্য ছিল ফাইনালে খেলে শিরোপা জেতা। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তা করতে পারিনি। একটি দল হিসেবে আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী।"

ইনজুরির কারণে দলের শেষ দুটি ম্যাচে লিটন মাঠে নামতে পারেননি। এই কারণে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেও এই তারকা ব্যাটসম্যানকে বাদ পড়তে হয়েছে। এই নিয়ে নিজের হতাশা না লুকিয়ে লিটন বলেন, “শেষ দুই ম্যাচে ইনজুরির কারণে খেলতে না পারাটা আমার জন্য ভীষণ কষ্টের।

একই কারণে আফগানিস্তান সিরিজেও থাকতে পারছি না। সর্বোচ্চ চেষ্টা করেও সুস্থ হতে পারিনি, এটা দীর্ঘদিন আমাকে কষ্ট দেবে।”রাজ্যের হতাশায় ডুবে গেলেও ভক্ত-অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি টাইগার অধিনায়ক।

তিনি যোগ করেন, "অবশেষে আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই টুর্নামেন্টজুড়ে অঢেল সমর্থনের জন্য। খেলোয়াড় হিসেবে আমরা সত্যিই ভাগ্যবান, কারণ আমাদের পৃথিবীর সেরা সমর্থকরা আছে। আশা করি খুব শিগগিরই আপনাদের প্রাপ্য আনন্দ আমরা দিতে পারব।"