সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

অবসর নিয়ে মেসিকে সতর্ক করলেন সাবেক ব্রাজিল তারকা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১, ২০২৫, ০৮:৩৬ পিএম

অবসর নিয়ে মেসিকে সতর্ক করলেন সাবেক ব্রাজিল তারকা

ছবি - সংগৃহীত

৩৮ বছর বয়সেও ফুটবল বিশ্বে লিওনেল মেসির নামটাই যেন আলোচনার কেন্দ্রবিন্দু। ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই সামনে এসেছে তাঁর অবসরের প্রসঙ্গ। গুঞ্জন চলছে, ২০২৬ বিশ্বকাপের পরই হয়তো বুট জোড়া তুলে রাখতে পারেন আর্জেন্টাইন এই জাদুকর। তবে ব্রাজিলিয়ান কিংবদন্তি গিলবার্তো সিলভা মেসিকে সতর্ক করে বলেছেন—অবসর ভাবার আগে ভালো করে ভেবে নিতে হবে, কারণ একবার ক্যারিয়ার থেমে গেলে আর ফেরার পথ থাকে না।

আসলে, মেসির বর্তমান চুক্তি ২০২৫ মৌসুম পর্যন্ত বৈধ, এরপর তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন। যদিও মায়ামি কর্তৃপক্ষ চাইছে, কয়েক বছরের জন্য নতুন চুক্তি করে তাঁকে দলে ধরে রাখতে। ক্লাবের সহ-মালিক হোর্হে মাস তো আশাও প্রকাশ করেছেন যে, ২০২৬ মৌসুম পর্যন্ত মায়ামির জার্সিতেই দেখা যাবে আটবারের ব্যালন ডি’অর জয়ীকে।

কিন্তু সাবেক আর্সেনাল মিডফিল্ডার গিলবার্তো সিলভার চোখে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মেসির নিজের সঙ্গে লড়াই। ওডস্পিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "একজন ফুটবলারের জীবনে খেলার আনন্দের মতো আর কিছুই নেই। যখন একবার ক্যারিয়ার শেষ হয়ে যায়, তখন আর ফিরে আসার কোনো পথ থাকে না। তাই মেসি যেন কেবল তখনই অবসর ভাবেন, যখন মনে করবেন আর কিছু দেওয়ার নেই।"

তিনি আরও যোগ করেন, "ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা থিয়াগো সিলভার মতো যারা দীর্ঘ সময় ধরে খেলছেন, তাদের মতো যদি ক্যারিয়ার টেনে নেওয়া যায়, তবে সেটা দারুণ ব্যাপার। মেসির ক্ষেত্রেও আমি সেই একই জিনিস দেখতে চাই।"

এদিকে মাঠের বাস্তবতা হচ্ছে, ইন্টার মায়ামি তাদের গত ম্যাচে শিকাগো ফায়ারের কাছে ৫-৩ গোলে হারলেও, ইতোমধ্যেই তারা প্লে-অফ নিশ্চিত করেছে। শনিবার (৫ অক্টোবর) নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে মাঠে নামবে দলটি। মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা চললেও, ভক্তরা এখনো চায় তাঁকে মাঠে আগের মতোই আলো ছড়াতে দেখতে।