অক্টোবর ৯, ২০২৫, ০৭:৫৬ পিএম
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও ৪ উইকেটে হারের আক্ষেপটা এখনো পোড়াচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। তবে সেই হতাশা নিয়ে পড়ে থাকতে নারাজ তারা। সহ-অধিনায়ক নাহিদা আক্তার জানিয়েছেন, অতীত ভুলে তারা এখন নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচের দিকেই সমস্ত মনোযোগ দিচ্ছেন এবং ভালো খেলে জয়ে ফিরতে চান।বৃহস্পতিবার (৯ অক্টোবর) গুয়াহাটিতে নিউজিল্যান্ড ম্যাচের আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদা আক্তার এ কথা বলেন।
তিনি বলেন, “গত দিন যে ম্যাচটা চলে গেছে, সেটা এখন অতীত। আমরা চাইলেও তা আর ফেরাতে পারব না। এখন আমাদের মনোযোগ সামনের ম্যাচ নিয়ে। আমরা নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে নিয়ে না ভেবে দল হিসেবে কীভাবে ভালো ব্যাটিং ও বোলিং করতে পারি, সেটাই আমাদের পরিকল্পনা।”
ইংল্যান্ডের বিপক্ষে হারের কারণ বিশ্লেষণ করে এই বাঁহাতি স্পিনার বলেন, “গত ম্যাচে আমরা দল হিসেবে ভালো খেলেছি, তবে আরও একটু ভালো করার জায়গা ছিল। বোলাররা আর একটু ভালো করলে হয়তো ম্যাচটা আমাদের পক্ষে চলে আসত। তাই আমাদের লক্ষ্য থাকবে, পরের ম্যাচে যেন আরও ভালো বোলিং করতে পারি।”
বিশ্বকাপের প্রতিটি ম্যাচকেই চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, “এখানে কোনো দলই সহজ প্রতিপক্ষ নয়। গত ম্যাচে যেভাবে খেলেছি, এর চেয়ে একটু ভালো খেলতে পারলেই আমার মনে হয় ভালো কিছু হবে।”উল্লেখ্য, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারালেও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ। আগামীকাল, শুক্রবার, নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ধারায় ফিরতে মরিয়া নিগার সুলতানা জ্যোতির দল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন