অক্টোবর ৯, ২০২৫, ০৮:০৯ পিএম
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যে আজ এক বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ শক্তিশালী হংকং। ম্যাচটি শুরু হবে আজ রাত ৮টায়।দুই ম্যাচ শেষে মাত্র এক পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।
অন্যদিকে, চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকা হংকং এই ম্যাচে জয় পেলেই পরের রাউন্ড প্রায় নিশ্চিত করে ফেলবে। তাই টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই জামাল ভূঁইয়াদের সামনে।ঘরের মাঠে দর্শকদের অনুপ্রেরণাকে পুঁজি করে জয় তুলে নিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল।
দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তার দল ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, “সব মিলে দলের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। ছেলেরা ৯০ মিনিট লড়াই করার জন্য মুখিয়ে আছে।”তবে কাজটা সহজ হবে না। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের (১৮৪) চেয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা হংকং (১৪৬) বেশ শক্তিশালী প্রতিপক্ষ। দলটির কোচ অ্যাশলে ওয়েস্টউডও বেশ আত্মবিশ্বাসী।
বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি ব্যঙ্গ করে বলেন, “সে আমার দলে থাকলে হয়তো বেঞ্চে বসে থাকত।”তবে হামজা, শমিত সোমদের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে গড়া নতুন বাংলাদেশ দল এসব কথায় কান না দিয়ে মাঠেই জবাব দিতে প্রস্তুত। ১৯ হাজার টিকিট মাত্র ৩০ মিনিটে বিক্রি হয়ে যাওয়া প্রমাণ করে, পুরো দেশ তাকিয়ে আছে এই ম্যাচের দিকে, একটি ঐতিহাসিক জয়ের প্রত্যাশায়।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন