সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সিরিজ বাঁচাতে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ০৪:৫১ পিএম

সিরিজ বাঁচাতে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের

ছবি - সংগৃহীত

টি-টোয়েন্টিতে দাপট দেখালেও ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে আছে টাইগাররা। তাই আজ শনিবার সিরিজ বাঁচাতে হলে জয়ের কোনো বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর দলের সামনে। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

প্রথম ম্যাচে ২২১ রানের পুঁজি নিয়ে লড়াই করতে পারেনি বাংলাদেশ। টপ-অর্ডারের ব্যর্থতাই ছিল হারের মূল কারণ। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে আজকের ম্যাচে ব্যাটারদের জ্বলে উঠতেই হবে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও প্রথম ম্যাচের পর জানিয়েছিলেন, তারা অন্তত ৩০-৪০ রান কম করেছেন এবং ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চান।

আবুধাবির উইকেট মিরপুরের মতোই কিছুটা ধীরগতির এবং স্পিন সহায়ক। এই কন্ডিশন বিবেচনায় আজকের একাদশে দুটি পরিবর্তন আসার জোর সম্ভাবনা রয়েছে। কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমান এবং লেগ-স্পিনার রিশাদ হোসেন একাদশে ফিরতে পারেন। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন আগের ম্যাচের কোনো দুই পেসার।

এই বাঁচা-মরার ম্যাচে জয়ে ফিরে সিরিজে সমতা আনতে মরিয়া বাংলাদেশ। অন্যদিকে, আফগানিস্তান চাইবে আজকের ম্যাচটি জিতেই সিরিজ নিশ্চিত করতে।  (তাই), এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ের অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমীরা।