অক্টোবর ১২, ২০২৫, ১২:২১ পিএম
আন্তর্জাতিক ক্রিকেটের দুটি ফরম্যাটকে আগেই বিদায় জানিয়েছেন, এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকেও কি অবসরের পথে হাঁটছেন বিরাট কোহলি? সম্প্রতি তার নেওয়া দুটি সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট মহলে এই জল্পনা এখন তুঙ্গে।ভারতীয় ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘রেভস্পোর্টজ’-এর এক প্রতিবেদন অনুযায়ী, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-এর সঙ্গে সম্পর্কিত একটি বড় ব্র্যান্ড সম্প্রতি কোহলির সঙ্গে তাদের চুক্তি নবায়ন করার প্রস্তাব দেয়।
কিন্তু কোহলি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে আরসিবি কর্তৃপক্ষকে তার পরিবর্তে দলের জন্য একটি নতুন ‘মুখ’ খুঁজে নিতে বলেছেন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোহলির এই সরে দাঁড়ানোর সিদ্ধান্তকেই তার আইপিএল থেকে অবসরের প্রথম ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে।এর আগে, আইপিএল ২০২৫ মৌসুমের শুরুতে আরসিবি তাকে আবারও অধিনায়কত্বের প্রস্তাব দিলে তিনি তা ফিরিয়ে দেন।
তার পরিবর্তে, তিনি তরুণ ব্যাটার রজত পাতিদারের নাম প্রস্তাব করেন, যার নেতৃত্বে আরসিবি প্রথমবারের মতো আইপিএল শিরোপা জেতে। অধিনায়কত্ব না নেওয়া এবং এবার ব্র্যান্ডের দায়িত্ব থেকেও সরে দাঁড়ানোর এই দুটি ঘটনাকে কোহলির ‘বিদায়ের প্রস্তুতি’ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, বিরাট কোহলি ইতোমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি আরসিবির হয়ে ১৮টি মৌসুমে খেলে দলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক। যদিও কোহলির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে তার সাম্প্রতিক পদক্ষেপগুলো ইঙ্গিত দিচ্ছে, আইপিএলে একটি বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি হয়তো আর খুব বেশি দূরে নয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন