অক্টোবর ১৩, ২০২৫, ১০:২৯ এএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ওঠা ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তদন্তে প্রায় ১৮ থেকে ২০ জন খেলোয়াড়, কোচ ও কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পেয়েছে বিসিবির গঠিত স্বাধীন তদন্ত কমিটি। এই প্রেক্ষাপটে, বিপিএলের আসরকে বিতর্কমুক্ত রাখতে কঠোর অবস্থানে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল। অভিযুক্তদের এবারের আসর থেকে দূরে রাখার পরিকল্পনা করছে তারা।
বিসিবি সূত্রে জানা গেছে, তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হওয়ায় অভিযুক্তদের নাম এখনই প্রকাশ করা হবে না। তবে, বিপিএলে দল নিতে আগ্রহী নতুন ও পুরোনো ফ্র্যাঞ্চাইজিগুলোকে একটি ‘অলিখিত শর্ত’ দেওয়া হবে, যাতে তারা তদন্তে নাম আসা খেলোয়াড় ও কর্মকর্তাদের দলে অন্তর্ভুক্ত না করে।বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, তারা একটি বিতর্কমুক্ত ও পরিচ্ছন্ন টুর্নামেন্ট আয়োজন করতে চান।
এদিকে, সময়ের স্বল্পতার কারণে এবারের বিপিএল পাঁচ বা ছয়টি দল নিয়ে আয়োজন করা হবে বলে জানা গেছে। টুর্নামেন্টটি ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হয়ে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলতে পারে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের আসরে ভেন্যু হিসেবে ঢাকার মিরপুর, চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি রাজশাহীও যুক্ত হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
ফ্র্যাঞ্চাইজি মালিকানার ক্ষেত্রেও আনা হচ্ছে স্বচ্ছতা। নতুন নিয়মে, পাঁচ মৌসুমের জন্য দলের মালিকানা পেতে হলে প্রায় ১৫ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন