রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতের হারে এশিয়ান কাপ থেকে ছিটকে গেল বাংলাদেশও

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৫, ১২:০৩ পিএম

ভারতের হারে এশিয়ান কাপ থেকে ছিটকে গেল বাংলাদেশও

ছবি - সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেল বাংলাদেশের। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ভারত ২-১ গোলে হেরে যাওয়ায় বাংলাদেশের বিদায়ও নিশ্চিত হয়ে যায়।দিনের শুরুতে বাংলাদেশ নিজেদের ম্যাচে হংকংয়ের মাঠে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট অর্জন করেছিল। এই ফলের পর কাগজে-কলমে বাংলাদেশের আশা অত্যন্ত ক্ষীণভাবে টিকে ছিল,

যা পুরোপুরি নির্ভর করছিল ভারত-সিঙ্গাপুর ম্যাচের ফলাফলের ওপর। কিন্তু ভারত হেরে যাওয়ায় সেই ক্ষীণ আশার প্রদীপও নিভে গেল।গ্রুপ ‘সি’-এর সমীকরণ অনুযায়ী, চার ম্যাচ শেষে হংকং ও সিঙ্গাপুর উভয়েই ৮ পয়েন্ট করে নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে, বাংলাদেশ ও ভারতের পয়েন্ট মাত্র ২। নিয়ম অনুযায়ী, গ্রুপ থেকে শুধুমাত্র শীর্ষ দলটিই এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ তাদের বাকি দুটি ম্যাচে জিতলেও সর্বোচ্চ ৮ পয়েন্ট অর্জন করতে পারবে।

কিন্তু যেহেতু হংকং ও সিঙ্গাপুর ইতোমধ্যে ৮ পয়েন্টে পৌঁছে গেছে এবং তাদের মধ্যেও একটি ম্যাচ বাকি আছে, তাই বাংলাদেশের পক্ষে আর গ্রুপ সেরা হওয়া কোনোভাবেই সম্ভব নয়।ফলে, ৪৫ বছর পর আবারও এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যে স্বপ্ন নিয়ে বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ, তা আরও একবার স্বপ্নই থেকে গেল। এখন বাছাইপর্বে বাংলাদেশের বাকি দুটি ম্যাচ কেবলই নিয়মরক্ষার লড়াইয়ে পরিণত হলো।