বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নতুন টি-টোয়েন্টি লিগে নতুন ভূমিকায় তামিম

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৫, ১০:৩৬ এএম

নতুন টি-টোয়েন্টি লিগে নতুন ভূমিকায় তামিম

ছবি - সংগৃহীত

বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল এবার এক নতুন ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ‘মালয়েশিয়া টি-টোয়েন্টি লিগ’-এ তিনি মেন্টর বা পরামর্শক হিসেবে কাজ করবেন।

শনিবার (১৮ অক্টোবর) মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন ফ্র্যাঞ্চাইজি লিগের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। এমসিএ জানিয়েছে, এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গে আন্তর্জাতিক তারকাদের মেলবন্ধন ঘটানোই তাদের লক্ষ্য। এই উদ্যোগে তামিম ইকবালের পাশাপাশি অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লি-কেও মেন্টর হিসেবে দেখা যাবে।

পাঁচটি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের প্রথম আসরটি আগামী ২০২৬ সালের ৭ জুন থেকে ২৭ জুন পর্যন্ত কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে। লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজনের অভিজ্ঞতাসম্পন্ন আইপিজি গ্রুপ এই টুর্নামেন্টটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে।

এমসিএ-এর সভাপতি বলেন, “মালয়েশিয়া টি-টোয়েন্টি লিগের প্রথম মৌসুমের তারিখ ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। আমরা নিশ্চিত করব যেন মালয়েশিয়ার ক্রিকেটপ্রেমীরা একটি চমকপ্রদ ক্রিকেটীয় লড়াই উপভোগ করতে পারেন।”আগামী কয়েক সপ্তাহের মধ্যে দলগুলোর পরিচিতি, খেলোয়াড় ড্রাফট প্রক্রিয়া এবং পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।