রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৩৮ বছর বয়সে স্বপ্নপূরণ, পাকিস্তানের হয়ে আসিফ আফ্রিদির অভিষেক

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২০, ২০২৫, ০৯:৫১ পিএম

৩৮ বছর বয়সে স্বপ্নপূরণ, পাকিস্তানের হয়ে আসিফ আফ্রিদির অভিষেক

ছবি - সংগৃহীত

কিছু কিছু গল্প যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ আসিফ আফ্রিদির গল্পটাও ঠিক তেমনই। বয়স যখন চল্লিশের কোঠায়, তখন হয়তো জাতীয় দলের স্বপ্ন ফিকে হয়ে এসেছিল। কিন্তু দীর্ঘ ১৫ বছরের কঠোর পরিশ্রম আর ধৈর্যের ফল অবশেষে পেলেন তিনি। ৩৮ বছর ২৯৯ দিন বয়সে জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত ডাকটি পেলেন আসিফ—পাকিস্তান টেস্ট দলে অভিষেক হলো এই অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের।

সোমবার (২০ অক্টোবর) রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে এক আবেগঘন মুহূর্তে সতীর্থদের করতালির মাঝে শাহিন আফ্রিদির হাত থেকে পাকিস্তানের ২৬০তম টেস্ট ক্যাপ গ্রহণ করেন আসিফ।ক্যাপ তুলে দেওয়ার সময় শাহিন আফ্রিদি বলেন, “যখন আসিফ আফ্রিদি তার সেরা ফর্মে ছিলেন, আমি তখন মাঠে গিয়ে তার খেলা দেখতাম। তার পরিশ্রম, ধৈর্য আর কখনও হাল না ছাড়ার মানসিকতা—সবকিছুই অনুপ্রেরণাদায়ক। এই ক্যাপের যোগ্য তুমি, অভিনন্দন।”

আসিফ আফ্রিদির প্রথম শ্রেণির পরিসংখ্যানই তার হয়ে কথা বলে। ৫৭ ম্যাচে ২৫.৪৯ গড়ে তিনি ১৯৮টি উইকেট শিকার করেছেন। গত মৌসুমে হানিফ মোহাম্মদ ট্রফিতেও পাঁচ ম্যাচে ৩৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি।

এই অভিষেকের মধ্য দিয়ে আসিফ পাকিস্তানের ক্রিকেট ইতিহাসেও নাম লিখিয়েছেন। তিনি পাকিস্তানের পক্ষে তৃতীয় প্রবীণতম টেস্ট ক্রিকেটার হিসেবে আবির্ভূত হলেন। তার ওপরে আছেন কেবল কিংবদন্তি মিরান বখশ (৪৭ বছর, ১৯৫৫) এবং আমির এলাহি (৩৯ বছর)। এই ঘটনাই প্রমাণ করে, বয়স কেবলই একটি সংখ্যা, স্বপ্নের কোনো মেয়াদ শেষ হয় না।