বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আর্জেন্টিনা সমর্থকদের জন্য বড় দুঃসংবাদ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৫, ০১:৫০ পিএম

আর্জেন্টিনা সমর্থকদের জন্য বড় দুঃসংবাদ

ছবি - সংগৃহীত

ভারতে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের জন্য একটি বড় দুঃসংবাদ এসেছে। আগামী মাসে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের ভারতের মাটিতে খেলতে দেখার যে স্বপ্ন ভক্তরা দেখছিলেন, তা আপাতত পূরণ হচ্ছে না। লিওনেল মেসিকে ভারতের মাঠে খেলতে দেখার এই অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো। জওহরলাল নেহরু স্টেডিয়ামে আগামী ১৭ নভেম্বরের জন্য নির্ধারিত প্রীতি ম্যাচটি স্থগিত করা হয়েছে।

মূলত, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি পেতে দেরি হওয়ার কারণেই আয়োজকরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।ম্যাচটির সম্প্রচার স্বত্ব পাওয়া কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্টো অগাস্টিন এই খবর নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, ফিফার অনুমোদন প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে ম্যাচটি আয়োজন করা সম্ভব হচ্ছে না।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেরালায় অনুষ্ঠিতব্য এই হাই-ভোল্টেজ ম্যাচটি বাতিল না করে ফিফার পরবর্তী কোনো সুবিধাজনক আন্তর্জাতিক উইন্ডোতে আয়োজন করা হবে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়।

ভারত সফর স্থগিত হলেও লিওনেল স্কালোনির দল এই সময়ে বসে থাকছে না। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, জাতীয় দল নভেম্বরের শুরুতে অনুশীলনের জন্য স্পেন সফরে যাবে। এরপর তারা শুক্রবার (১৪ নভেম্বর) অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় একটিমাত্র প্রীতি ম্যাচে অংশ নেবে। সেই ম্যাচ খেলার পর আর্জেন্টাইন দলটি দক্ষিণ আমেরিকায় ফিরে যাবে এবং সেখানে ১৮ নভেম্বর পর্যন্ত তাদের নির্ধারিত অনুশীলন ক্যাম্প চালিয়ে যাবে।

তবে আর্জেন্টিনা দলের ভারত সফর যথাসময়ে না হলেও সমর্থকদের জন্য সামান্য স্বস্তির খবর হলো, দলের সেরা তারকা লিওনেল মেসির যে পূর্বনির্ধারিত ভারত সফরের কথা ছিল, তা ঠিক থাকছে। অর্থাৎ, মেসি তার নির্ধারিত সময়েই ভারতে আসবেন, যদিও সেটি দলের হয়ে প্রীতি ম্যাচ খেলতে নয়।