রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভারত সিরিজে ফিরছেন ম্যাক্সওয়েল

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৫, ০৪:০৫ পিএম

ভারত সিরিজে ফিরছেন ম্যাক্সওয়েল

ছবি - সংগৃহীত

হাতের কবজির চোট কাটিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটছে তার। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে, তবে ম্যাক্সওয়েল প্রথম দুই ম্যাচে থাকছেন না। তাকে সিরিজের শেষ তিন ম্যাচের জন্য স্কোয়াডে রাখা হয়েছে। চলতি মাসেই নিউজিল্যান্ড সফরের ঠিক আগে নেটে অনুশীলন করার সময় কবজিতে চোট পেয়েছিলেন ম্যাক্সওয়েল।

সেই চোটের কারণেই কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি খেলতে পারেননি তিনি।ম্যাক্সওয়েলের ফেরার খবরের পাশাপাশি দলে আরও কিছু বড় পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে পুরো টি-টোয়েন্টি সিরিজ থেকেই ছিটকে গেছেন নিয়মিত উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিশ। তার বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন আরেক উইকেটরক্ষক-ব্যাটার জশ ফিলিপ। তিনি পুরো সিরিজেই দলের সঙ্গে থাকবেন।অস্ট্রেলিয়ার এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক ২০ বছর বয়সি ডানহাতি পেসার মাহলি বিয়ার্ডম্যানের অন্তর্ভুক্তি।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এই তরুণ পেসার। ম্যাক্সওয়েলের মতোই তিনিও সিরিজের শেষ তিনটি ম্যাচের জন্য দলে যোগ দেবেন। পুরো সিরিজের জন্য অস্ট্রেলিয়া একটি রোটেশনাল স্কোয়াড ঘোষণা করেছে। মিচেল মার্শের নেতৃত্বে এই দলে সিন অ্যাবট থাকছেন প্রথম তিন ম্যাচ, জশ হ্যাজেলউড খেলবেন প্রথম দুই ম্যাচ এবং বেন ডওয়ারশিষ যোগ দেবেন শেষ দুই ম্যাচে। ট্রাভিস হেড, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জ্যাম্পার মতো তারকারা পুরো সিরিজেই থাকছেন। আগামী ২৯ অক্টোবর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার এই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে।