অক্টোবর ২৫, ২০২৫, ০৬:৩৩ পিএম
অস্ট্রেলিয়া সফরে প্রথম দুই ম্যাচে হেরে আগেই সিরিজ খুইয়েছিল ভারত। হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে সিডনিতে তৃতীয় ও শেষ ওয়ানডেটি ছিল সফরকারীদের জন্য সান্ত্বনা পাওয়ার লড়াই। সেই লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন দুই অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিতের দুর্দান্ত সেঞ্চুরি এবং কোহলির অপরাজিত হাফ-সেঞ্চুরিতে ভর করে স্বাগতিকদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত।
এই দাপুটে জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে সক্ষম হলো অধিনায়ক শুভমান গিলের দল।সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে স্বাগতিক ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা অজিদের হয়ে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন ম্যাট রেনশ।
দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে মিচেল মার্শের ব্যাট থেকে। এ ছাড়া ম্যাথু শর্ট ৩০ ও ট্রাভিস হেড ২৯ রান যোগ করলে অস্ট্রেলিয়া ৪৬ ওভার ৪ বলে ২৩৬ রানেই অলআউট হয়ে যায়। ভারতের পক্ষে তরুণ পেসার হার্শিত রানা ৩৯ রানের বিনিময়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন।২৩৭ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরুতেই ওপেনার ও অধিনায়ক শুভমান গিলের (২৪) উইকেট হারায়। তবে এরপর আর কোনো বিপদ ঘটতে দেননি রোহিত শর্মা ও বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটে এই দুই তারকা ১৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
রোহিত শর্মা তার স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন। ১২৫ বল মোকাবিলা করে ১৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১২১ রানে অপরাজিত থাকেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেওয়া বিরাট কোহলিও তুলে নেন হাফ-সেঞ্চুরি। জয় নিশ্চিত হয়ে যাওয়ায় কোহলিকে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার আগেই ৮১ বলে ৭৪ রানে অপরাজিত থাকতে হয়। ভারত মাত্র ৩৮ ওভার ৩ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়, হাতে ছিল ৬৯ বল। এই জয়ের পরও সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। দুর্দান্ত সেঞ্চুরির জন্য ম্যাচসেরা এবং সিরিজসেরা উভয় পুরস্কারই জেতেন রোহিত শর্মা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন