অক্টোবর ২৬, ২০২৫, ০৯:৪২ এএম
বিশ্ব ক্রীড়াঙ্গনে আজ রোববার (২৬ অক্টোবর) একটি ব্যস্ত দিন অপেক্ষা করছে দর্শকদের জন্য। ক্রিকেটের ২২ গজ থেকে শুরু করে ফুটবলের সবুজ মাঠ—সবখানেই রয়েছে উত্তেজনা ছড়ানো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ক্রিকেটপ্রেমীদের জন্য দিনের সবচেয়ে বড় আকর্ষণ নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ। এটি বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ। অন্যদিকে, ফুটবল বিশ্বের চোখ থাকবে স্পেনের সান্তিয়াগো বার্নাব্যুর দিকে, যেখানে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
ক্রিকেট দিয়ে শুরু করা যাক। সকালে টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১-এ সরাসরি সম্প্রচারিত হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি, যা শুরু হবে সকাল ৭টায়। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) খেলাও চলবে যথারীতি। সকাল সাড়ে ৯টা থেকে বিসিবির ইউটিউব চ্যানেলে দেখা যাবে সিলেট-ময়মনসিংহ, ঢাকা-রংপুর এবং খুলনা-বরিশাল ম্যাচ।
একই সময়ে চট্টগ্রাম-রাজশাহী ম্যাচটিও দেখা যাবে ইউটিউবে। নারী ওয়ানডে বিশ্বকাপে দিনের প্রথম ম্যাচে বেলা সাড়ে ১১টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড, যা টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১-এ দেখা যাবে। তবে বাংলাদেশের দর্শকদের মূল আগ্রহ থাকবে বিকেল সাড়ে ৩টায় শুরু হতে যাওয়া বাংলাদেশ ও ভারত ম্যাচ ঘিরে। গুরুত্বপূর্ণ এই ম্যাচটিও টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১ সরাসরি সম্প্রচার করবে।
ফুটবল মাঠেও আজ উত্তেজনার কমতি নেই। ইংলিশ প্রিমিয়ার লিগে রাত ৮টায় রয়েছে দুটি ম্যাচ। আর্সেনাল মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেসের এবং অ্যাস্টন ভিলা খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। দুটি ম্যাচই স্টার স্পোর্টস ১ ও ২-এ সরাসরি দেখা যাবে। রাত সাড়ে ১০টায় একই চ্যানেলে এভারটনের বিপক্ষে মাঠে নামবে টটেনহাম হটস্পার। তবে ফুটবলপ্রেমীদের মূল আকর্ষণ নিঃসন্দেহে লা লিগার এল ক্লাসিকো। রাত ৯টা ১৫ মিনিটে শুরু হতে যাওয়া রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার হাই-ভোল্টেজ এই লড়াইটি সরাসরি দেখা যাবে বিগিন অ্যাপে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন