অক্টোবর ২৮, ২০২৫, ০৩:৫০ পিএম
তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন দেশটির নারী ফুটবলাররা। দীর্ঘ চার বছর পর নির্বাসিত সেই নারী ফুটবলারদের নিয়ে গড়া একটি দল অবশেষে আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে ফিরেছে। তারা মরক্কোয় ফিফা আয়োজিত চার দলের এক প্রীতি টুর্নামেন্টে দেশকে প্রতিনিধিত্ব করছেন, যদিও মাঠে নেমেছেন শরণার্থী দল হিসেবে।
আফগান নারীরা এই টুর্নামেন্টে ‘আফগান উইমেন ইউনাইটেড’ নামে খেলছেন। তাদের সঙ্গে এই আসরে অংশগ্রহণ করছে চাদ, তিউনিসিয়া ও লিবিয়ার নারী ফুটবল দল। গত রোববার (২৬ অক্টোবর) মরক্কোর মাঠে টুর্নামেন্টটি শুরু হয়েছে।এই টুর্নামেন্টে অংশগ্রহণের মধ্য দিয়ে আফগান নারী ফুটবলারদের একরকম পুনর্জন্ম হয়েছে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে জাতীয় দল হিসেবে পুনরায় স্বীকৃতি পাওয়ার পথে এটি তাদের জন্য প্রথম গুরুত্বপূর্ণ ধাপ।
টুর্নামেন্টটিতে খেলতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইতালি প্রবাসী আফগান নারী দলের অধিনায়ক ফাতিমা হায়দারি। তিনি বার্তা সংস্থা এপিকে বলেন, ‘(এতদিন পর) একসঙ্গে দেখা হওয়া, একে অপরকে জড়িয়ে ধরা, একসঙ্গে খেলা— এর চেয়ে সুন্দর অনুভূতি আর কিছু হতে পারে না। খেলোয়াড় হিসেবে আমরা জানি, জীবনে চ্যালেঞ্জ আসবেই, কষ্ট আসবেই। কিন্তু সব সময়ই উত্তরণের একটা পথ থাকে। হাল ছাড়লে চলবে না, কখনোই না।’
তালেবান শাসনে আফগানিস্তানে নারীদের খেলাধুলাসহ প্রায় সব ধরনের অধিকার খর্ব করা হয়েছে। এমন পরিস্থিতিতে বিদেশের মাটিতে শরণার্থী দল হিসেবে হলেও আফগান নারীদের ফুটবলের মাঠে ফেরা বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের কাছে অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন