সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

৩৮ বছর বয়সে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে ইতিহাস রোহিতের

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৫, ০৩:১৮ পিএম

৩৮ বছর বয়সে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে ইতিহাস রোহিতের

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার রোহিত শর্মা তার বর্ণাঢ্য ক্যারিয়ারে যোগ করলেন আরেকটি অনন্য পালক। দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়ে ৩৮ বছর বয়সে এসে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠেছেন তিনি। অনেকের মতে ক্যারিয়ারের শেষ লগ্নে এসে পড়লেও, ব্যাট হাতে এখনো যে তিনি ফুরিয়ে যাননি, তার প্রমাণ দিলেন 'হিটম্যান' খ্যাত এই তারকা।

বুধবার (২৯ অক্টোবর) আইসিসি কর্তৃক প্রকাশিত সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এই সুখবর পান রোহিত শর্মা। তিনি স্বদেশী তরুণ ওপেনার শুভমান গিলকে পেছনে ফেলে দুই ধাপ এগিয়ে শীর্ষস্থান দখল করেন। ৩৮ বছর ১৮২ দিন বয়সে বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটার হয়ে রোহিত এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক ভারতীয় হিসেবে এই কীর্তি গড়লেন।

গত সপ্তাহেও রোহিতের রেটিং পয়েন্ট ছিল ৭৪৫। কিন্তু সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ধারাবাহিক পারফরম্যান্স তাকে শীর্ষে তুলে আনে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তিনি ৯৭ বলে ৭৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এরপর সিডনিতে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলেন ১২৫ বলে ১২১ রানের এক অনবদ্য অপরাজিত ইনিংস। এই ধারাবাহিকতার পুরস্কার হিসেবেই তার রেটিং পয়েন্ট বেড়ে ৭৮১-তে দাঁড়িয়েছে, যা তাকে শীর্ষস্থানে পৌঁছে দিয়েছে।

রোহিত শর্মার এই অর্জনের মাধ্যমে তিনি পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে বিশ্বের এক নম্বর ব্যাটারের মর্যাদা লাভ করলেন। তার আগে ভারতের হয়ে এই বিরল সম্মান অর্জন করেছিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং তারই উত্তরসূরি শুভমান গিল। দীর্ঘদিন ধরে ভারতের ব্যাটিং লাইনআপের অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচিত হলেও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে রোহিতকে অপেক্ষা করতে হলো ক্যারিয়ারের প্রায় শেষ ভাগ পর্যন্ত।

এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৩৫ রানের ইনিংস খেলে ইংল্যান্ডের হ্যারি ব্রুক র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। তিনি ২৩ ধাপ এগিয়ে বর্তমানে ২৫ নম্বরে উঠে এসেছেন। তবে ব্যাটারদের মধ্যে সবচেয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের সৌম্য সরকারের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের তিন ম্যাচে মোট ১৪০ রান করা এই টাইগার ওপেনার ২৪ ধাপ এগিয়েছেন। ৪৭২ রেটিং পয়েন্ট নিয়ে সৌম্য এখন ওয়ানডে ব্যাটারদের তালিকায় ৬২ নম্বরে অবস্থান করছেন।