নভেম্বর ১, ২০২৫, ১০:৪৬ এএম
ক্যারিয়ারে প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের পর উচ্ছ্বসিত রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এই পুরস্কারটি হাতে পেয়ে তিনি ভবিষ্যতেও রিয়াল মাদ্রিদের জার্সিতে এটি আরও অনেকবার জয়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে মৌসুমের সর্বোচ্চ গোলদাতাকে এই পুরস্কারটি প্রদান করে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া। ২০২৪-২৫ মৌসুমের জন্যই এমবাপে এই পুরস্কারটি পেলেন।
রিয়াল মাদ্রিদের হয়ে নিজের অভিষেক মৌসুমেই তিনি লা লিগায় ৩১টি গোল করেন। পয়েন্টের ভিত্তিতে এই পুরস্কারের বিজয়ী নির্ধারণ করা হয়, যেখানে এমবাপে ৬২ পয়েন্ট পেয়ে শীর্ষে থাকেন। ৫৮.৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হন গত মৌসুমে স্পোর্তিং সিপির হয়ে খেলা ভিক্তর ইয়োকেরেস এবং ৫৮ পয়েন্ট নিয়ে লিভারপুলের মোহামেদ সালাহ তৃতীয় হন।
শুক্রবার (৩১ অক্টোবর) রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুয়ের প্রেসিডেন্সিয়াল বক্সে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এমবাপের হাতে গোল্ডেন বুট তুলে দেওয়া হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস, কোচ শাবি আলোন্সোসহ দলের সব খেলোয়াড় ও কর্মকর্তারা।
প্রথমবার এই পুরস্কার হাতে নিয়ে এমবাপে তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘গোল্ডেন বুট জেতা আমার জন্য এক দারুণ মুহূর্ত। প্রথমবারের মতো এটি পেলাম, যা একজন ফরোয়ার্ড হিসেবে সত্যিই বিশেষ কিছু। আমি রিয়াল মাদ্রিদে অনেক বছর থাকতে চাই এবং এমন পুরস্কার আরও অনেকবার জিততে চাই।’
তিনি তার সতীর্থদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই খেলোয়াড়দের ছাড়া পুরস্কারটি জেতা আমার পক্ষে অসম্ভব ছিল, আমি তা জানি। ক্লাব, চিকিৎসক, স্টাফদের ধন্যবাদ জানাতে চাই, যারা মাঠের ভেতরে ও বাইরে আমাকে প্রতিনিয়ত সাহায্য করেছেন।’ এমবাপে আরও বলেন, ‘আমাদের দলে দারুণ একতা আছে। আমি চাই, এই মৌসুমে আমরা বড় কিছু জিতি। দলীয় সাফল্যই আসল বিষয়। আশা করি, এই বছর আমরা গুরুত্বপূর্ণ ট্রফি জিতব।’
কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদের তৃতীয় খেলোয়াড় হিসেবে এই সম্মানজনক পুরস্কারটি জিতলেন। তার আগে সবশেষ ২০১৪-১৫ মৌসুমে রিয়ালের হয়ে এই পুরস্কার জিতেছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো তার ক্যারিয়ারে মোট চারবার এই স্বীকৃতি পেয়েছেন। তবে ইউরোপিয়ান গোল্ডেন বুটের রেকর্ডটি রয়েছে বার্সেলোনা কিংবদন্তি লিওনেল মেসির দখলে, যিনি মোট ছয়বার এটি জিতেছেন। গতবার এই পুরস্কার জিতেছিলেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন এবং তার আগের মৌসুমে ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড।
চলতি মৌসুমেও এমবাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এখন পর্যন্ত ১০ ম্যাচে ১১ গোল করে তিনি লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন। তার দল রিয়াল মাদ্রিদও লিগ টেবিলের চূড়ায় অবস্থান করছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন