রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রোহিতকে টপকে গেলেন বাবর, গড়লেন বিশ্বরেকর্ড

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১, ২০২৫, ১১:৩৫ এএম

রোহিতকে টপকে গেলেন বাবর, গড়লেন বিশ্বরেকর্ড

অসাধারণ এক কীর্তি গড়লেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন তিনি। এই রেকর্ডে বাবর পেছনে ফেলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। লাহোরে শুক্রবার (৩১ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটের সহজ জয়ের পথে বাবর এই বিশ্ব রেকর্ড গড়েন।

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার প্রায় ১০ মাস পর এই সিরিজ দিয়েই ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বাবর। তবে প্রত্যাবর্তনটা ভালো হয়নি। সিরিজের প্রথম ম্যাচে তিনি দুই বল খেলে শূন্য রানেই আউট হয়ে যান। সেই হতাশা সামলে দ্বিতীয় ম্যাচে আর ভুল করেননি পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।যেহেতু এই সংস্করণ থেকে রোহিত শর্মা ইতোমধ্যেই অবসর নিয়েছেন, তাই রেকর্ডটি বাবরের দখলে যাওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। শুক্রবারের ম্যাচে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী হতে বাবরের প্রয়োজন ছিল মাত্র ৯ রান।

দক্ষিণ আফ্রিকার দেওয়া ১১১ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৫৪ রান তুলে ফেলে পাকিস্তান। সপ্তম ওভারে সাহিবজাদা ফারহান আউট হলেও বাবর আজম দলকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন। ইনিংসের দ্বাদশ ওভারে ডনোভান ফেরেরাইকে লং অফে খেলে একটি সিঙ্গেল নিয়েই তিনি রোহিত শর্মাকে ছাড়িয়ে যান এবং টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের সর্বোচ্চ রানের মালিক বনে যান।

বাবর শেষ পর্যন্ত ১৮ বলে ১১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ২০১৬ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর থেকে বাবর আজম ১৩০টি ম্যাচের ১২৩ ইনিংসে ব্যাট করে ৩৯.৫৭ গড়ে মোট ৪ হাজার ২৩৪ রান করেছেন। এই ফরম্যাটে তার ঝুলিতে রয়েছে তিনটি সেঞ্চুরি এবং ৩৬টি হাফ সেঞ্চুরি।

তালিকায় দ্বিতীয় স্থানে নেমে যাওয়া রোহিত শর্মার রান ১৫১ ইনিংসে ৩২.০৫ গড়ে ৪ হাজার ২৩১। ভারতের আরেক তারকা বিরাট কোহলি ১১৭ ইনিংসে ৪৮.৬৯ গড়ে ৪ হাজার ১৮৮ রান নিয়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। কোহলিও সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন।