রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বৃষ্টির কবলে নারী বিশ্বকাপের ফাইনাল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৫, ০৩:৪৪ পিএম

বৃষ্টির কবলে নারী বিশ্বকাপের ফাইনাল

নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্নে বিভোর স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার মেগা ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে সময়মতো শুরু হতে পারেনি। মুম্বাইয়ের আবহাওয়া নিয়ে আগে থেকেই যে শঙ্কা ছিল, সেটিই শেষ পর্যন্ত সত্যি হলো।

নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার (০২ নভেম্বর) বেলা ৩টায় ম্যাচটির টস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দুপুরের পর থেকেই মুম্বাইয়ের আকাশ কালো করে ভারী বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির কারণে মাঠকর্মীরা দ্রুতই স্টেডিয়ামের উইকেট এবং আউটফিল্ডের বেশিরভাগ অংশ ত্রিপল দিয়ে ঢেকে ফেলেন।

স্থানীয় সময় অনুযায়ী, বিকাল সোয়া তিনটা নাগাদ বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যায়। ফলে নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। বৃষ্টি থামার পর মাঠ খেলার উপযোগী করে তুলতে বেশ কিছুটা সময় লাগবে। এর ফলে, বহুল কাঙ্ক্ষিত এই ফাইনাল ম্যাচের ওভার কেটে নেওয়া হবে, তা প্রায় নিশ্চিত।

বিশ্বকাপের এই আসরটি একটি নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় রয়েছে। সেমিফাইনালে দুই হেভিওয়েট দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বিদায় নেওয়ায় ভারত ও দক্ষিণ আফ্রিকা, উভয় দলের সামনেই প্রথমবার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার সুবর্ণ সুযোগ। দুই দলই ফাইনালের জন্য সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছিল, কিন্তু আপাতত তাদের অপেক্ষা করতে হচ্ছে প্রকৃতির মুখাপেক্ষী হয়ে।