নভেম্বর ২, ২০২৫, ০৪:৪৮ পিএম
দীর্ঘ সময় পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তন করেই বিশ্বরেকর্ডে নিজেকে রাঙালেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলে তিনি ভারতের বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন। বাবরের ম্যাচজয়ী ৬৮ রানের ইনিংসের ওপর ভর করে পাকিস্তান এই ম্যাচে ৬ উইকেটের জয় পায় এবং ২-১ ব্যবধানে সিরিজও নিশ্চিত করে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার দিক দিয়ে বাবর আজম এখন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। এই কীর্তি গড়ার পথে তিনি পেছনে ফেলেছেন ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলিকে। ম্যাচের আগে কোহলির সঙ্গে যৌথভাবে ৩৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস নিয়ে শীর্ষে ছিলেন বাবর। আজকের এই ইনিংসটির মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের ৫০ বা তার বেশি রান করার সংখ্যা দাঁড়াল ৪০টিতে, যা এই ফরম্যাটে সর্বোচ্চ।
তালিকায় দ্বিতীয় স্থানে নেমে যাওয়া বিরাট কোহলির পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সংখ্যা ৩৯টি। তৃতীয় স্থানে রয়েছেন ভারতের আরেক তারকা রোহিত শর্মা, তার এমন ইনিংস ৩৭টি। তালিকার চতুর্থ স্থানে আছেন বাবরের সতীর্থ মোহাম্মদ রিজওয়ান (৩১টি)।লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১৪০ রান। এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান।
ওপেনার সাইম আইয়ুব শূন্য রানে আউট হয়ে গেলেও বাবর আজম ও সাহিবজাদা ফারহান ৩৬ রানের জুটি গড়ে দলকে স্থিতিশীল করেন। এরপর বাবর এবং সালমান আঘার ৭৬ রানের দুর্দান্ত জুটি পাকিস্তানের জয়ের ভিত্তি গড়ে দেয়। বাবর আজম শেষ পর্যন্ত ৬৮ রানের এক অনবদ্য ইনিংস খেলে দলের জয় ও সিরিজ নিশ্চিত করতে প্রধান ভূমিকা পালন করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন